
সংগৃহীত ছবি
জীবনের নানা প্রতিকূলতা, একাকীত্ব, অবহেলা কিংবা প্রিয়জন হারানোর বেদনা মানুষের মনে গভীর প্রভাব ফেলে। বিশেষ করে কঠিন সময়ে মানসিক প্রশান্তি ও সান্ত্বনার প্রয়োজন হয় সবারই। পবিত্র কোরআনে মহান আল্লাহ বিভিন্ন ঘটনার মাধ্যমে মানুষকে ধৈর্য ধারণ, ভয় ও দুশ্চিন্তা দূর করা এবং তাঁর ওপর ভরসা রাখার শিক্ষা দিয়েছেন। বিশেষ করে কয়েকজন নারীর জীবনের কঠিন মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আসা সান্ত্বনার বাণী আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।
কোরআনে এমন কয়েকটি ঘটনা রয়েছে, যেখানে নারীদের ভয়, দুঃখ ও অসহায়ত্বের মুহূর্তে মহান আল্লাহ তাঁদের আশ্বস্ত করেছেন। সেসব ঘটনা তুলে ধরা হলো-
১. হযরত মূসা (আ.)-এর মায়ের প্রতি আল্লাহর সান্ত্বনা
ফিরাউনের অত্যাচার থেকে সন্তানকে রক্ষা করতে হযরত মূসা (আ.)-এর মা আল্লাহর নির্দেশে তাঁকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দেন। একজন মায়ের জন্য এমন পরিস্থিতি যে কতটা কঠিন ছিল, তা সহজেই অনুমেয়। কিন্তু মহান আল্লাহ তাঁকে আশ্বস্ত করে বলেন-
‘আমি মূসার মায়ের কাছে ওহি পাঠালাম, তুমি তাকে দুধ পান করাও। অতঃপর যখন তার ব্যাপারে তোমার ভয় হয়, তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না এবং দুঃখিত হয়ো না। নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব।’ (সূরা আল-কাসাস, আয়াত: ৭)
এই ঘটনা শেখায়, কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর ভরসা হারানো উচিত নয়।
২. হযরত মারিয়াম (আ.)-এর দুঃসময়ে আল্লাহর সান্ত্বনা
হযরত ঈসা (আ.)-এর জন্মের সময় হযরত মারিয়াম (আ.) এক কঠিন ও নিঃসঙ্গ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। প্রসববেদনা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে তিনি যখন মানসিকভাবে বিপর্যস্ত, তখন আল্লাহর পক্ষ থেকে তাঁকে সান্ত্বনা দেওয়া হয়।
পবিত্র কোরআনে এসেছে
‘তুমি দুঃখ করো না। তোমার রব তোমার পায়ের নিচে একটি ঝরনা সৃষ্টি করেছেন।’ (সূরা মারিয়াম, আয়াত: ২৪)
এই আয়াত থেকে বোঝা যায়, মানুষের চরম অসহায় মুহূর্তেও আল্লাহ তাঁর বান্দার জন্য সাহায্য ও স্বস্তির ব্যবস্থা করতে পারেন।
৩. নারীর ফরিয়াদ সরাসরি শুনেছেন মহান আল্লাহ
ইসলামে নারীর অধিকার ও ন্যায়বিচারের গুরুত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে সূরা আল-মুজাদালায়। হযরত খাওলা বিনতে সা'লাবা (রা.) তাঁর স্বামীর একটি অন্যায় আচরণের বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে অভিযোগ জানান এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেন।
তাঁর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ আয়াত নাজিল করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে-
‘নিশ্চয়ই আল্লাহ সেই নারীর কথা শুনেছেন, যে তার স্বামীর ব্যাপারে আপনার সঙ্গে বাদানুবাদ করছে এবং আল্লাহর কাছে অভিযোগ পেশ করছে। আর আল্লাহ তোমাদের উভয়ের কথোপকথন শুনছেন।’ (সূরা আল-মুজাদালাহ, আয়াত: ১)
এই ঘটনা প্রমাণ করে, কোনো মানুষের অভিযোগ, কষ্ট কিংবা ন্যায়বিচারের আবেদন আল্লাহর কাছে উপেক্ষিত নয়।
৪. জান্নাতে থাকবে না কোনো ভয় কিংবা দুঃখ
পৃথিবীর জীবনে মানুষকে নানা পরীক্ষা, ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। তবে যারা ঈমান ও সৎকর্মের পথে অবিচল থাকবেন, তাঁদের জন্য পরকালে রয়েছে চিরস্থায়ী শান্তির প্রতিশ্রুতি।
পবিত্র কোরআনে জান্নাতবাসীদের উদ্দেশে বলা হয়েছে-
‘তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না।’ (সূরা আল-আ'রাফ, আয়াত: ৪৯)
আল্লাহর এই সুসংবাদ নারী-পুরুষ নির্বিশেষে মুমিনদের জন্য। জান্নাতের জীবনে থাকবে না দুশ্চিন্তা, ভয় কিংবা কোনো ধরনের দুঃখ।
আজকের দিনের শিক্ষা
পবিত্র কোরআনের এসব ঘটনা আমাদের শেখায়, জীবনের কঠিন সময়ে হতাশ না হয়ে মহান আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। মানুষের কাছে নিজের কষ্ট প্রকাশের সুযোগ না থাকলেও আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নয়। তিনি বান্দার দোয়া শোনেন, তার অবস্থা জানেন এবং তাঁর ইচ্ছায় বিপদ থেকে উত্তরণের পথ তৈরি করেন।
তাই মন খারাপ কিংবা দুশ্চিন্তার মুহূর্তে নামাজ, দোয়া ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে প্রশান্তি চাইতে হবে। মনে রাখতে হবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নেই।