প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম (ভিজিট : ৪৭)

সংগৃহীত ছবি
বিশ্বখ্যাত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের দারুল উলূম দেওবন্দের শূরা সদস্য এবং জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী বাংলাদেশ সফরে আসছেন। আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও ধর্মীয় প্রতিষ্ঠানে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফর শেষে ২১ নভেম্বর শনিবার তাঁর ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মাহমুদ মাদানীর বাংলাদেশ সফর বাস্তবায়ন কমিটির সভাপতি মুফতি রশীদ মকবুল।
তিনি জানান, সফরকালে দেশের বিভিন্ন মাদ্রাসা, খানকাহ ও ধর্মীয় সম্মেলনে অংশ নেবেন মাওলানা মাহমুদ মাদানী। এসব অনুষ্ঠানে ধর্মীয় বক্তব্য দেওয়ার পাশাপাশি আলেম-উলামা ও ধর্মীয় অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। তাঁর সফরকে ঘিরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর শুক্রবার বাংলাদেশে পৌঁছে নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘীবাড়ী মাদ্রাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব বয়ান করবেন তিনি।
১৪ নভেম্বর শনিবার সিলেটের মাদানী খানকাহ এবং ১৫ নভেম্বর রোববার গোলাপগঞ্জে ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন। পরদিন ১৬ নভেম্বর সোমবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়শাইল মাদ্রাসা সফর করার কথা রয়েছে তাঁর।
১৭ নভেম্বর মঙ্গলবার মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসাদুল উলুম মাদানীনগর মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মাওলানা মাহমুদ মাদানী।
১৮ নভেম্বর বুধবার সকালে ঢাকার দারুল উলুম বনশ্রী মাদ্রাসা সফর করবেন তিনি। একই দিন সকাল ১১টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত সম্মেলনে অংশ নেবেন।
১৯ নভেম্বর বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সফর শেষে ঢাকার ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব বয়ান করবেন তিনি।
সফরের শেষ দিন ২০ নভেম্বর শুক্রবার হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসায় জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা মাহমুদ মাদানী। একই দিন রাতে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ায় ধর্মীয় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর ২১ নভেম্বর শনিবার ভারতে ফিরে যাবেন তিনি।
এদিকে তাঁর সফর উপলক্ষে সংশ্লিষ্ট মাদ্রাসা, খানকাহ ও আয়োজক প্রতিষ্ঠানগুলোতে প্রস্তুতি চলছে। এসব কর্মসূচিতে স্থানীয় আলেম-উলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের কথা জানিয়েছেন আয়োজকরা।