প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ পিএম (ভিজিট : ৮৬)

সংগৃহীত ছবি
দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামূলক কার্যক্রম সহজ করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।
এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।
প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত অনুযায়ী, লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন চন্দ্রগঞ্জ উপজেলার সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে।
একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।