
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের শাসনব্যবস্থায় ইতিবাচক নীতি পরিবর্তনের প্রশংসা করেন এরদোগান। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন তিনি। রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর এবং সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আমন্ত্রণে গত ১১ ও ১২ নভেম্বর জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) কপ-৩১-এর লিডার্স সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল তুরস্কের আন্তালিয়া সফর করে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘একটি টেকসই, সহনশীল ও সমতাভিত্তিক ভবিষ্যতের দিকে’। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশের কম হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ রাষ্ট্র।
সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরেন। এ সময় জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি উন্নত দেশগুলোর কাছ থেকে প্রযুক্তি হস্তান্তর এবং ঋণব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
হুমায়ুন কবির আরও জানান, কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এরদোগানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে যৌথ সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ও আঙ্কারার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু এবং ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। এর মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অস্ট্রেলিয়ার বিনিয়োগ বৃদ্ধি, কৃষি খাতের উন্নয়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসে।
এ ছাড়া ব্রাজিল, ইরান, মালদ্বীপ, সিরিয়া ও সোমালিয়ার রাষ্ট্রপতি, পাকিস্তান, মলদোভা ও কুয়েতের প্রধানমন্ত্রী এবং ওআইসি মহাসচিব, লন্ডনের মেয়র ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন প্রধানমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে সেখানে ফলপ্রসূ আলোচনা হয়েছে।