প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম (ভিজিট : ৬৯)

সংগৃহীত ছবি
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের বাইপাস এলাকায় তাঁরা এ কর্মসূচি পালন করেন।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। এতে ঢাকা থেকে ময়মনসিংহসহ নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। মধ্যরাতে দুর্ভোগে পড়েন এসব পথে চলাচলকারী যাত্রীরা।
মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মাসুম জানান, ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ্জামান রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির কাছের মধ্য বাড়েরা মুজিব মার্কেটে জুতা কিনতে যান। সেখান থেকে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথ আটকে হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
সুরুজ্জামানের বড় ভাই ও মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নোমান জানান, বালু ব্যবসা নিয়ে স্থানীয় আওয়ামীপন্থী কয়েকজনের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তাঁর ধারণা।