
সংগৃহীত ছবি
ইরানের পক্ষে ষড়যন্ত্র এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনের একটি আদালত ৬৪ জন শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির (বার্ড) তথ্য অনুযায়ী, গত মে ও জুন মাসে দেশটির পুলিশ প্রায় ৭০ জন ধর্মীয় নেতা ও আলেমকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে আইআরজিসির সহায়তায় দেশে বিদ্রোহ উসকে দেওয়া এবং বিদ্যমান শাসনব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। গত ৫ জুলাই এ মামলার বিচার শুরু হয়।
সাজাপ্রাপ্তদের আইনি সহায়তা দিচ্ছে বার্ড। সংস্থাটির এক মুখপাত্র আদালতের রায়কে ‘কল্পনার চেয়েও ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, মে ও জুনে গ্রেপ্তার হওয়া সব আলেমকেই সাজা দেওয়া হয়েছে। কাউকে খালাস দেওয়া হয়নি।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাহরাইনের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা শেখ ঈসা কাসিম। আশির দশকের শেষভাগে জন্ম নেওয়া এই আলেম ২০১৮ সাল থেকে ইরানে বসবাস করছেন।
বার্ডের অ্যাডভোকেসি বিভাগের পরিচালক সায়েদ আহমেদ আল-ওয়াদাই বলেন, আশির দশকের শেষভাগে থাকা একজন ব্যক্তিকে এমন কারাদণ্ড দেওয়া, যার বাস্তবায়নের সম্ভাবনা নেই, তা প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হতে পারে।
এর আগে ২০১৬ সালে শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব বাতিল করেছিল বাহরাইন সরকার। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উসকে দেওয়া, বিদেশি স্বার্থ রক্ষা এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছিল। ওই সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় বিভিন্ন মানবাধিকার সংগঠনের পাশাপাশি যুক্তরাষ্ট্রও বাহরাইন সরকারের সমালোচনা করে।
সুন্নি রাজপরিবারের শাসনাধীন বাহরাইনে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শিয়া মুসলিম। দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। দীর্ঘদিন ধরেই আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে বাহরাইন সরকার।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান আঞ্চলিক সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়ায় তেহরান বাহরাইনের সমালোচনা করার পর দেশটিতে শিয়া ধর্মীয় নেতা ও আলেমদের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু হয়। তবে বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান।
বাহরাইনের জননিরাপত্তা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল তারিক আল হাসান বলেছেন, দেশটি এমন একটি আদর্শের মোকাবিলা করছে, যেখানে বাহরাইনের সার্বভৌম কর্তৃপক্ষের চেয়ে ইরানের নেতৃত্বের প্রতি আনুগত্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়।