
সংগৃহীত ছবি
কুয়েতে ইরানি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় দেশটির সামরিক নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ তুলেছেন হামলা থেকে বেঁচে যাওয়া এক মার্কিন কর্মকর্তা। তার দাবি, সম্ভাব্য ইরানি হামলার বিষয়ে আগাম সতর্কতা দেওয়া হলেও কুয়েতে অবস্থিত মার্কিন কমান্ড পোস্টের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি।
মার্কিন সেনাবাহিনীর মেজর স্টিফেন র্যামসবটম কংগ্রেসে পাঠানো এক হুইসেলব্লোয়ার অভিযোগে এসব তথ্য তুলে ধরেছেন। তার ভাষ্য, কুয়েতের পোর্ট শুয়াইবায় মার্কিন কমান্ড পোস্টটি আকাশপথের হামলা মোকাবিলার জন্য পর্যাপ্ত সুরক্ষিত ছিল না।
অপারেশন ‘এপিক ফিউরি’ চলাকালে পোর্ট শুয়াইবার ওই কমান্ড পোস্টে ইরানি ড্রোন আঘাত হানলে ছয় মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় আহত হন র্যামসবটমও। তিনি হাউস ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে নিজের অভিযোগ জমা দিয়েছেন।
সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে র্যামসবটম বলেন, ‘এটি ছিল সেনাবাহিনী, আমাদের নেতৃত্ব এবং আমার নিজের আমার স্তর পর্যন্ত একটি কৌশলগত ব্যর্থতা।’ তার অভিযোগ, কমান্ড পোস্টের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও সেনা নেতৃত্ব বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এর পরিণতিতেই ছয় সেনাকে প্রাণ হারাতে হয়েছে বলে মনে করেন তিনি।
র্যামসবটম জানান, পোর্ট শুয়াইবায় কোনো চিকিৎসক, স্থায়ী চিকিৎসাকেন্দ্র কিংবা পর্যাপ্ত জরুরি চিকিৎসাসেবা ছিল না। সেখানে মাত্র একটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছিল। তিনি বলেন, ‘আমরা পরিকল্পনাটি ভালোভাবে করিনি। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
গত ১ মার্চের ওই হামলায় নিহত হন আর্মি রিজার্ভ ক্যাপ্টেন কোডি খোরক (৩৫), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া টিটজেন্স (৪২), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল আমোর (৩৯), সার্জেন্ট ডেকলান কোডি (২০), মেজর জেফরি ও’ব্রায়েন (৪৫) এবং চিফ ওয়ারেন্ট অফিসার থ্রি রবার্ট মারজান (৫৪)।
আর্মি রিজার্ভের ১০৩তম সাসটেইনমেন্ট কমান্ডের ডেপুটি চিফ অব অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করা র্যামসবটমের দাবি, ওই কমান্ড পোস্টের প্রতিরক্ষাব্যবস্থা মূলত গাড়িবোমাসহ স্থলভিত্তিক হুমকি মোকাবিলার উপযোগী করে তৈরি করা হয়েছিল। আকাশপথ থেকে ড্রোন হামলা প্রতিহত করার মতো কোনো কার্যকর ব্যবস্থা সেখানে ছিল না।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) লজিস্টিকস দায়িত্বে থাকা মেজর জেনারেল জন হিনসনের কাছে বিষয়টি একাধিকবার তুলে ধরেছিলেন। বিভিন্ন বৈঠকে তিনি দুবার জানতে চেয়েছিলেন, ‘আমি বুঝতে পারছি না, এখানে আমরা কীভাবে সুরক্ষিত।’ কিন্তু জবাবে হিনসন তাকে আশ্বস্ত করে বলেছিলেন, নিরাপত্তা নিয়ে তাদের চিন্তার প্রয়োজন নেই।
র্যামসবটম আরও জানান, পোর্ট শুয়াইবার নিরাপত্তার জন্য একটি কাউন্টার-ড্রোন ব্যবস্থা চাওয়া হয়েছিল। পেন্টাগন সেটি সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা জানালেও শেষ পর্যন্ত কোনো প্রতিরক্ষাব্যবস্থা সেখানে পৌঁছায়নি। এমনকি সেটি আনুষ্ঠানিকভাবে কেনার আদেশ দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
তবে হামলার পরদিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, কমান্ড পোস্টটি যথাযথভাবে সুরক্ষিত ছিল। সাংবাদিকদের তিনি বলেছিলেন, কখনো কখনো একটি অস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে ঢুকে পড়ে। এমন ঘটনাকে তারা ‘স্কুইর্টার’ বলে উল্লেখ করেন।
হেগসেথ আরও বলেন, হামলায় একটি সুরক্ষিত ট্যাকটিক্যাল অপারেশনস সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ছিল অত্যন্ত শক্তিশালী।
অন্যদিকে, কংগ্রেসে দেওয়া র্যামসবটমের অভিযোগে বলা হয়েছে, ওই পোস্টে একমুখী আক্রমণকারী ড্রোন প্রতিহত করার জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিরক্ষাব্যবস্থা ছিল না।
এদিকে, ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল গত ১৫ নভেম্বর র্যামসবটমের চিঠি পর্যালোচনার পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন। এক চিঠিতে তিনি বলেন, নিহত ছয় সেনার পরিবার, আহত ব্যক্তিরা এবং মার্কিন জনগণ এ ঘটনার স্বচ্ছতা ও জবাবদিহি পাওয়ার অধিকার রাখেন।
ব্লুমেনথাল হেগসেথকে একটি গোপন ব্রিফিংয়ে উপস্থিত হয়ে পোর্ট শুয়াইবায় কী ধরনের প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা হয়েছিল, তার পূর্ণাঙ্গ বিবরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তবে র্যামসবটমের এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি পেন্টাগন।