শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: Hcucuv   আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে: রাশেদ খাঁন   রাজনৈতিক ও কূটনৈতিক নানা শঙ্কায় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের ডিসেম্বর   স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের মন-মানসিকতার পরিবর্তন জরুরি: রাষ্ট্রপতি   খাবার পরিবেশনে দেরি, মহাখালীর রেস্তোরাঁয় তিতুমীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুরের অভিযোগ   ১০০০ মোমবাতি প্রজ্বালন ও ফুলেল শ্রদ্ধায় নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উদযাপন   হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রশাসনের কেউ আছেন কি না, জানতে চাইলেন মন্ত্রিপরিষদ সচিব   
শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা করেও সফল হয়নি ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১৪ পিএম   (ভিজিট : ১২৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার দেশে ফেরা এখনো অনিশ্চিত। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। অন্যদিকে, চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা।

তবে তার প্রত্যাবর্তনের বিষয়টি শুধু ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক, দুই দেশের সামরিক বাহিনীর যোগাযোগ এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি। ভারত এখনো প্রকাশ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কোনো অবস্থান জানায়নি। অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার প্রত্যর্পণের অনুরোধ জানানো হলেও তাতে সাড়া দেয়নি দিল্লি।

এ অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারতের প্রকৃত অবস্থান কী, তাকে ফিরিয়ে দিতে দিল্লি কতটা আগ্রহী এবং এ নিয়ে পর্দার আড়ালে কী ধরনের আলোচনা চলছে এসব প্রশ্ন সামনে এসেছে।

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে ভারত সরকারের কর্মকর্তা ও সামরিক সূত্রের বরাত দিয়ে এসব বিষয় তুলে ধরা হয়েছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রচ্ছন্ন সম্মতি ছাড়া শেখ হাসিনা নিজে থেকে দেশে ফেরার এমন ঘোষণা দেননি। বরং এ বিষয়ে শেখ হাসিনা ও দিল্লির মধ্যে সমঝোতা হওয়ার পরই তার প্রত্যাবর্তনের ইচ্ছার কথা প্রকাশ্যে এসেছে।

দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারত সরকারের জন্য ক্রমেই অস্বস্তির কারণ হয়ে উঠছে। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে ভারতকে। গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক সমাধান হতে পারত শেখ হাসিনাকে অন্য কোনো দেশে পাঠানো। এ নিয়ে অতীতে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করলেও বিভিন্ন কারণে সেই উদ্যোগ সফল হয়নি।

এ পরিস্থিতিতে দিল্লি মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হওয়াই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত পথ। পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনরুত্থান ঘটাতে হলেও শেখ হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতের নীতিনির্ধারকেরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে আশ্রয় নেওয়া বিদেশি ব্যক্তিদের সঙ্গে দেশটির সরকার নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরিস্থিতি পর্যালোচনা করে। শেখ হাসিনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এসব আলোচনায় ভারতের মনোভাব তাকে জানানো হয়েছে। দুই পক্ষের মধ্যে এ বিষয়ে ঐকমত্য তৈরি হওয়ার পরই ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

২০২৪ সালের ডিসেম্বরেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে কূটনৈতিক বার্তা বা ‘নোট ভার্বাল’ পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। পরবর্তী সময়ে একাধিকবার এ বিষয়ে তাগাদাও দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো ইতিবাচক বা নেতিবাচক জবাব দেয়নি।

প্রশ্ন উঠেছে, ভারত যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন চায়, তাহলে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধে সম্মতি জানাচ্ছে না কেন?

ভারতের পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা দেশটির দীর্ঘদিনের পরীক্ষিত ও বিশ্বস্ত রাজনৈতিক মিত্র। ফলে তাকে বন্দির মতো করে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়টি দিল্লি বিবেচনায় নিতে চায় না।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অতীতে হাতকড়া পরিয়ে বিদেশ থেকে বন্দি ফিরিয়ে আনার নজির থাকার কথা উল্লেখ করলেও শেখ হাসিনার ক্ষেত্রে ভারত এমন কোনো পদক্ষেপ নেবে না বলেই ধারণা করা হচ্ছে।

কারণ, এ ধরনের পদক্ষেপ ভারতের অন্যান্য বিদেশি রাজনৈতিক মিত্রদের কাছেও নেতিবাচক বার্তা দিতে পারে। নেপাল, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপের মতো দেশের রাজনীতিকদের মধ্যে ভারতের ওপর আস্থার সংকট তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যখন ভারতে প্রবেশ করেন, তখন তিনি বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ছিলেন, আদালতে দণ্ডিত অপরাধী নন। ভারতের দৃষ্টিতে তার সেই অবস্থানের পরিবর্তন ঘটেনি বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ভারত ও বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন কিছু আইনি সুযোগ রয়েছে, যার মাধ্যমে কোনো প্রত্যর্পণের অনুরোধ দীর্ঘদিন ঝুলিয়ে রাখা সম্ভব। দিল্লি বাংলাদেশের অনুরোধের ক্ষেত্রেও সেই সুযোগ কাজে লাগাচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের প্রধানত দুটি শর্ত রয়েছে।

প্রথম শর্ত হলো, যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বিমানে করে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল, একইভাবে তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশের সেনাবাহিনীকে নিতে হবে।

এ প্রক্রিয়া আকাশপথে কিংবা স্থলপথে সম্পন্ন হতে পারে। বাংলাদেশ চাইলে সামরিক বিমান পাঠিয়ে দিল্লি থেকে তাকে নিয়ে যেতে পারে। আবার দুই দেশের স্থলসীমান্তের নির্ধারিত কোনো স্থানেও বাংলাদেশ সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এ জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনা যাতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করার সুযোগ নিশ্চিত করা হয়।

তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ উঠুক, তা চায় না দিল্লি। এ কারণে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতেও সতর্ক অবস্থানে রয়েছে ভারত।

দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ঠেলে দিতে চায় না ভারত। বরং তিনি যাতে নতুন করে ন্যায়সংগত বিচারের সুযোগ পান, সেটি নিশ্চিত করতে আগ্রহী দেশটি।

এ ছাড়া বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারির মধ্যে রাখার বিষয়টিও ভারত গুরুত্ব দিতে চাইছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

এই দুই শর্ত সামনে রেখে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করতে গত কয়েক মাস ধরে ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনায় বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর যোগাযোগকে গুরুত্বপূর্ণ মনে করছে দিল্লি।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আকস্মিকভাবে দিল্লি সফর করেন। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন তিনি।

ভারতের একটি শীর্ষ সামরিক সূত্রের মতে, বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ভারতের সেনাপ্রধানের এমন বৈঠকের প্রয়োজন হওয়ার কথা নয়। ওই সূত্রের ইঙ্গিত ছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এ যোগাযোগ।

গত দুই থেকে আড়াই বছরে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে নানা টানাপোড়েন তৈরি হলেও সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডেসহ তার পূর্বসূরিরা বিভিন্ন সময়ে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাইয়ের আগে থেকেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল।

ভারত চাইছে, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান এই যোগাযোগ শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ায় কাজে লাগানো হোক।

একই সঙ্গে বাংলাদেশে ফিরে গেলে তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও বাংলাদেশের সেনাবাহিনী গ্রহণ করুক—এমন প্রত্যাশা রয়েছে দিল্লির। কারণ, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বর্তমানে ভারতের জন্যও গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ভারতের কর্মকর্তারা মনে করছেন, তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কেবল কূটনৈতিক বা আইনি বিষয় নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও।

দিল্লির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার ধারণা, প্রকাশ্যে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চাইলেও বাস্তবে তার প্রত্যাবর্তন নিয়ে ঢাকার মধ্যে অনীহা থাকতে পারে।

তাদের মতে, জ্বালানি সংকট থেকে শুরু করে পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে বাংলাদেশ সরকার। এ অবস্থায় শেখ হাসিনা দেশে ফিরলে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এ ছাড়া তার প্রত্যাবর্তনের জন্য ভারতের উত্থাপিত শর্তগুলো পূরণ করা এবং দুই দেশের মধ্যে প্রয়োজনীয় সমঝোতায় পৌঁছানোও সহজ হবে না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এসব জটিলতা কাটিয়ে সবকিছু চূড়ান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি নয়। ফলে পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন না এলে ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা আপাতত ক্ষীণ বলেই মনে করছেন দিল্লির অধিকাংশ পর্যবেক্ষক।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়টি ভারতের জন্যও সহজ নয়। তবে সব জটিলতা জেনেও তার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পেছনে দিল্লির নিজস্ব কূটনৈতিক হিসাব রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের ধারণা, শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারলেও এ ঘটনায় তাদের বড় কোনো ক্ষতি হবে না। বরং তখন দিল্লি বলতে পারবে, শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের অনীহা বা বিভিন্ন শর্তের কারণে তা সম্ভব হয়নি।

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের পুনরুত্থান দেখতে চায় ভারত। সে বিবেচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা দলটির নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি রাজনৈতিকভাবে দিল্লির লক্ষ্য পূরণেও ভূমিকা রাখতে পারে।

ভারতের আরেকটি হিসাব হলো, শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারলে তার ভারতে অবস্থান অব্যাহত রাখার পক্ষে নতুন যুক্তি তৈরি হবে। কারণ, তখন দিল্লি বলতে পারবে, তাকে বাংলাদেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন করা যায়নি।

সব মিলিয়ে ৩১ ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে থাকবেন, নাকি ভারতের মাটিতেই তার অবস্থান অব্যাহত থাকবে, তা এখনো অনিশ্চিত। তবে তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক যোগাযোগ, সামরিক সমন্বয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]