
সংগৃহীত ছবি
ওয়াশিংটন ডিসির অভিজাত জর্জটাউন এলাকায় অবস্থিত নিজের বিলাসবহুল বাসভবনের সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান (জিও-লোকেশন) অনলাইনে ফাঁস হওয়ার পর নিরাপত্তাঝুঁকিতে পড়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজ বাড়ি ছেড়ে তাঁকে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে আশ্রয় নিতে হয়েছে। প্রভাবশালী সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘ওয়াল স্ট্রিট জার্নালে’ স্কট বেসেন্টের জর্জটাউনের বাসভবনের একটি ছবি প্রকাশিত হয়। এরপর অনলাইনে ছবিটি বিশ্লেষণ করে তাঁর বাড়ির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে তেহরানপন্থি ব্যক্তিরা। এতে ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাঁকে নিরাপদ সামরিক স্থাপনায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।
বর্তমান ট্রাম্প প্রশাসনে ইরানের অর্থনীতিকে চাপে রাখা, নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং অর্থনৈতিক অবরোধ জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্কট বেসেন্ট। এ অবস্থায় তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, যেকোনো ধরনের হুমকি ও ভীতি প্রদর্শন সত্ত্বেও অর্থমন্ত্রী তাঁর অবস্থান থেকে সরে আসবেন না। ইরানের অর্থনীতির ওপর চাপ অব্যাহত রাখার নীতিতে তিনি এবং ওয়াশিংটন প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।
জর্জটাউন ওয়াশিংটন ডিসির অন্যতম অভিজাত ও সুরক্ষিত এলাকা। সেখানে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিত্ব বসবাস করেন। এমন একটি এলাকায় অর্থমন্ত্রীর বাসভবনের ছবি প্রকাশ এবং তাঁর অবস্থান শনাক্ত হওয়ার ঘটনায় মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জয় ক্লেটন সতর্ক করে জানিয়েছিলেন, বর্তমান ও সাবেক মার্কিন শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ওয়াশিংটনের বিরুদ্ধে গোপন তৎপরতা ও সাইবার নজরদারি বাড়িয়েছে ইরান।
এদিকে ‘নিউইয়র্ক টাইমস’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় শুধু স্কট বেসেন্ট নন, রয়েছেন আরও কয়েকজন সাবেক ও বর্তমান মার্কিন শীর্ষ কর্মকর্তা। তাঁদের মধ্যে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং সাবেক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর মার্ক মিলি ও জন বোল্টনের নিরাপত্তায় নিয়োজিত সরকারি দেহরক্ষীদেরও সরিয়ে নেওয়া হয়েছিল। এতে তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়।
তবে স্কট বেসেন্টই একমাত্র নন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা সামরিক ঘাঁটিতে বসবাস করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০২৫ সালের শেষ দিকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকেও একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছিল।
বর্তমানে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওরও নিজ বাসভবনের পরিবর্তে সামরিক ঘাঁটিতে থাকার কথা প্রতিবেদনে উঠে এসেছে। এ ছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এবং সাবেক গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডও তাঁদের দায়িত্ব পালনের পুরো সময় সামরিক ঘাঁটির নিরাপত্তাবেষ্টনীতে ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব এখন মার্কিন নীতিনির্ধারকদের ব্যক্তিগত নিরাপত্তায়ও পড়ছে। ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নেওয়ার ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।