প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম (ভিজিট : ৯৪)

সংগৃহীত ছবি
দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের প্রাকৃতিক সম্পদের ওপর ফিলিস্তিনি জনগণের স্থায়ী সার্বভৌমত্বের অধিকার পুনর্ব্যক্ত করে একটি গুরুত্বপূর্ণ খসড়া প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি কমিটি। এতে পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনের নিজস্ব ভূখণ্ডের প্রাকৃতিক সম্পদের ওপর ফিলিস্তিনিদের পূর্ণ অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে।
জি-৭৭ ও চীনের যৌথ উদ্যোগে উত্থাপিত প্রস্তাবটি বিপুল ভোটে অনুমোদিত হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৫১টি দেশ। বিপক্ষে ভোট পড়ে ৭টি এবং ভোটদানে বিরত থাকে ১১টি দেশ।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, কলম্বিয়া, প্যারাগুয়ে, পালাউ, নাউরু ও মাইক্রোনেশিয়া প্রস্তাবটির বিরোধিতা করে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব সদস্য রাষ্ট্র এবং কানাডা এর পক্ষে ভোট দেয়।
প্রস্তাবে ফিলিস্তিনের পাশাপাশি দখলকৃত সিরীয় গোলান অঞ্চলের আরব জনগোষ্ঠীর প্রাকৃতিক সম্পদের ওপর অধিকারও পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের শোষণ অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়।
এ ছাড়া, প্রাকৃতিক সম্পদের অবৈধ শোষণের কারণে ফিলিস্তিনিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার অধিকারও প্রস্তাবে নিশ্চিত করার কথা বলা হয়েছে।