
সংগৃহীত ছবি
কংগ্রেস নেতা ও ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে তাঁর ফোনে আড়িপাতা হচ্ছে। এ অভিযোগের পক্ষে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন না করলেও তিনি দাবি করেছেন, ফোনেই এ সংক্রান্ত সব প্রমাণ রয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে আবারও প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত ১২ দিনে এ নিয়ে সপ্তমবারের মতো বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল।
শুক্রবার ইনস্টাগ্রামে সমর্থকদের সঙ্গে এক অনলাইন প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন কংগ্রেস নেতা। ‘আস্ক মি’ শীর্ষক ওই আয়োজনে নিজের ফোন ক্যামেরার সামনে তুলে ধরে রাহুল বলেন, তাঁর ফোনেই সব প্রমাণ রয়েছে এবং প্রধানমন্ত্রীও বিষয়টি জানেন, কারণ তিনিই তাঁর ফোনে আড়িপাতছেন।
তবে অনলাইন সেশনে ফোন ট্যাপের অভিযোগের পক্ষে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত তথ্য বা প্রমাণ দেখাননি তিনি।
এর আগেও একাধিকবার নিজের ফোনে নজরদারির অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। তাঁর দাবি ছিল, পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে তাঁর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতার ফোনে নজরদারি চালানো হয়েছে। ২০২৩ সালে তিনি অভিযোগ করেছিলেন, তাঁর ফোনেও পেগাসাস ইনস্টল করা হয়েছিল। এমনকি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ফোনে কথা বলার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
শুক্রবারের বক্তব্যে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বিতর্ক হলে কে বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত এবং কে প্রকৃত দেশবিরোধী, তা স্পষ্ট হয়ে যাবে। এ বিষয়ে নিজের কাছে অকাট্য প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।
নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, বিদেশি হস্তক্ষেপ এবং জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রকাশ্য বিতর্ক চান রাহুল। গত ১২ দিনে সাতবার এ আহ্বান জানালেন তিনি।
তবে রাহুলের এই চ্যালেঞ্জ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে বিজেপি। দলটির নেতাদের বক্তব্য, সংসদই গুরুত্বপূর্ণ জাতীয় ও রাজনৈতিক বিষয়ে আলোচনার উপযুক্ত জায়গা। সেখানে আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও রাহুল কেন আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কের দাবি জানাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
এ প্রসঙ্গে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও সংসদে আলোচনার সুযোগের কথা উল্লেখ করে রাহুলের চ্যালেঞ্জের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ফলে ফোনে নজরদারির অভিযোগ এবং প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কের আহ্বান ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।