
সংগৃহীত ছবি
দীর্ঘ ৩৩ বছর ধরে জেনসেন হুয়াং ও এনভিডিয়া যেন ছিল একে অপরের পরিপূরক। দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মাত্র ৪০ হাজার ডলার পুঁজি দিয়ে একটি সাধারণ রেস্তোরাঁয় যে প্রযুক্তি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলেন তিনি, সময়ের ব্যবধানে সেটিই পরিণত হয় ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বিশাল সাম্রাজ্যে। কিন্তু সেই প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব ও পরিচালনা পর্ষদ থেকে অবশেষে সরে দাঁড়ালেন ৬৩ বছর বয়সী সহপ্রতিষ্ঠাতা হুয়াং। বৃহস্পতিবার সকালে তার এই প্রস্থানের ঘোষণা আসে। তবে পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এনভিডিয়া।
হুয়াংয়ের এই বিদায়ের পেছনে রয়েছে একাধিক বিতর্কিত ঘটনা। মাত্র দুই সপ্তাহ ধরে বিষয়টি প্রকাশ্যে আলোচনায় থাকলেও সংকটের সূত্রপাত হয়েছিল আরও আগে। একটি কথিত বিবাহবহির্ভূত সম্পর্ক শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার উদ্বেগে রূপ নেয়। মার্কিন কর্মকর্তাদের দাবি, হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক থাকা এক নারী চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ এবং চীনকে হেয় করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা বলে প্রত্যাখ্যান করেছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস ধরে চলা এই পরিস্থিতি শেষ পর্যন্ত এনভিডিয়ার নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের পথ তৈরি করে। বৃহস্পতিবার প্রধান নির্বাহীর পদ ও পরিচালনা পর্ষদ ছাড়েন হুয়াং।
১৯৬৩ সালে তাইওয়ানের তাইপেতে জন্মগ্রহণ করেন জেন-সুন হুয়াং। শৈশবের একটি সময় থাইল্যান্ডে কাটানোর পর পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে উচ্চারণের সুবিধার্থে নিজের নাম পরিবর্তন করে রাখেন জেনসেন।
ছোটবেলায় এক চাচার পরামর্শে তার তাইওয়ানিজ মা-বাবা দুই ভাইকে যুক্তরাষ্ট্রের কেন্টাকির একটি আবাসিক স্কুলে পাঠান। চাচার কথায় স্কুলটি ছিল বেশ নামকরা। কিন্তু সেখানে পৌঁছে তারা জানতে পারেন, প্রতিষ্ঠানটি মূলত সমস্যাগ্রস্ত ও বখে যাওয়া কিশোরদের সংশোধনের জন্য পরিচালিত হতো।
বয়স কম হওয়ায় হুয়াংকে ওই প্রতিষ্ঠানে আবাসিক থাকতে হয়নি। তিনি পাশের একটি সরকারি স্কুলে তামাক চাষিদের সন্তানদের সঙ্গে পড়াশোনা করতেন। ইংরেজিতে দুর্বলতার কারণে সহপাঠীদের কাছ থেকে নিয়মিত হয়রানির শিকার হতেন। এমনকি তাকে দিয়ে শৌচাগার পরিষ্কারের কাজও করানো হতো।
মার্কিন সংবাদমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে অতীতের স্মৃতিচারণ করে তিনি বলেছিলেন, সেখানে সবাইকে কঠোর পরিশ্রম করতে হতো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হতো। সহপাঠীরা ছিল বেশ রগচটা। তবে সব মিলিয়ে ওই সময়টিও তিনি উপভোগ করেছিলেন।
পরবর্তী সময়ে তার মা-বাবা ওরেগনে স্থায়ী হলে হুয়াংকে বাড়িতে ফিরিয়ে আনেন। কিশোর বয়সে তিনি ডেনিস রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কাজ করতেন। পোর্টল্যান্ডের কাছে একটি হাইস্কুলে পড়ার সময় কম্পিউটার ক্লাবে যুক্ত হন। পরে ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়েই পরিচয় হয় ভবিষ্যৎ স্ত্রী লরির সঙ্গে।
মাত্র ২০ বছর বয়সে স্নাতক শেষ করে তিনি প্রথমে এএমডি এবং পরে এলএসআই লজিকে চিপ নকশার কাজে যোগ দেন। ১৯৯৩ সালে সিলিকন ভ্যালির একটি ডেনিস রেস্তোরাঁয় দুই বন্ধুকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন এনভিডিয়া।
‘নো প্রায়রস’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে হুয়াং জানিয়েছিলেন, প্রচলিত কম্পিউটার দিয়ে যেসব জটিল কাজ করা সম্ভব ছিল না, সেগুলোর সমাধানে সক্ষম শক্তিশালী চিপ তৈরি করাই ছিল তাদের লক্ষ্য। বিশেষ করে ত্রিমাত্রিক গ্রাফিকস প্রক্রিয়াকরণের জন্য উন্নত প্রযুক্তি তৈরিতে মনোযোগ দেন তারা।
এই প্রযুক্তির চিপ পরিচিতি পায় জিপিইউ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিট নামে। ১৯৯৯ সালে এনভিডিয়া প্রথম জিপিইউ বাজারে আনে। শুরুতে ভিডিও গেমের গ্রাফিকস আরও উন্নত করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। কিন্তু সময়ের সঙ্গে দেখা যায়, চ্যাটজিপিটি ও ক্লডের মতো জেনারেটিভ এআই প্রযুক্তির বিপুল পরিমাণ গাণিতিক হিসাব সম্পন্ন করার জন্যও এসব চিপ অত্যন্ত কার্যকর।
বর্তমানে এনভিডিয়ার চিপের চাহিদা উৎপাদন সক্ষমতাকেও ছাড়িয়ে গেছে। উচ্চমূল্যের কারণে প্রতিষ্ঠানটির মুনাফার হার ৭০ শতাংশের বেশি। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো নিজস্ব এআই চিপ তৈরির চেষ্টা করলেও প্রযুক্তিগত সক্ষমতায় এখনো এগিয়ে রয়েছে এনভিডিয়া।
এ ছাড়া এআই খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ ও ঋণসহায়তা দিয়ে থাকে এনভিডিয়া। এতে শিল্পটির বিকাশ ত্বরান্বিত হলেও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৈরি হয়েছে জটিল ব্যবসায়িক সম্পর্ক। ফলে এক প্রতিষ্ঠানের সাফল্য যেমন অন্যদের এগিয়ে নিচ্ছে, তেমনি তৈরি হচ্ছে পারস্পরিক নির্ভরতা ও ঝুঁকি।
চার বছর আগেও সাধারণ মানুষের কাছে খুব বেশি পরিচিত ছিলেন না জেনসেন হুয়াং। কিন্তু এআই প্রযুক্তির উত্থানের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন প্রযুক্তি বিশ্বের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে বক্তব্য দেওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, সবখানেই তার উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকত।
কালো টি-শার্ট ও চামড়ার জ্যাকেট তার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এমনকি তার বাহুতেও রয়েছে এনভিডিয়ার লোগোর ট্যাটু। জীবনীকার স্টিফেন উইটের ভাষ্য অনুযায়ী, হুয়াংয়ের জন্য চামড়ার জ্যাকেট পছন্দ করার ক্ষেত্রে তার স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।
এনভিডিয়ার উত্থানের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার ব্যক্তিগত সম্পদও। ফোর্বসের হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রায় ৩ দশমিক ৬ থেকে ৪ শতাংশ শেয়ারের মালিকানা থেকে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ১৬০ বিলিয়ন ডলারে।
তাইওয়ানে তিনি পেতেন মহাতারকার মতো অভ্যর্থনা। অটোগ্রাফ ও সেলফির জন্য ভক্তরা তাকে ঘিরে ধরতেন। তার পছন্দের সেলুন কিংবা নৈশবাজারেও সাংবাদিকদের উপস্থিতি ছিল নিয়মিত। বিশ্বখ্যাত সেমিকন্ডাক্টর উৎপাদনকেন্দ্র তাইওয়ানে সফরের সময় এনভিডিয়ার চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিএসএমসির প্রতিষ্ঠাতা মরিস চ্যাংসহ শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতেন তিনি।
তবে সহকর্মীদের কাছে হুয়াংয়ের ব্যক্তিত্ব ছিল বেশ জটিল। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তার এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হুয়াং ছিলেন তার দেখা সবচেয়ে উদ্যমী মানুষদের একজন, তবে একই সঙ্গে ভীষণ স্ববিরোধীও।
কর্মীদের প্রতি তার আচরণ ছিল কঠোর। কেউ ভুল করলে তীব্র সমালোচনা করতেও দ্বিধা করতেন না। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে কর্মীদের সব সময় সতর্ক রাখতেন তিনি। তার বহুল আলোচিত বক্তব্য ছিল, ‘আমাদের কোম্পানি সব সময় দেউলিয়া হওয়ার মাত্র ৩০ দিন দূরে অবস্থান করছে।’
দীর্ঘদিন মার্কিন রাজনীতির অঙ্গনে অনেকটা আড়ালেই ছিলেন হুয়াং। তবে ২০২২ সালের শেষ দিকে পরিস্থিতি বদলাতে শুরু করে। সে সময় তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধির আশঙ্কায় দেশটিতে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করে।
এই সিদ্ধান্তের সমালোচনা করে হুয়াং সতর্ক করেছিলেন, নিষেধাজ্ঞা মার্কিন সেমিকন্ডাক্টর শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর তার সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাব ও হোয়াইট হাউসে গিয়ে তিনি ট্রাম্পের অর্থনৈতিক নীতি এবং এআই প্রযুক্তির প্রসারে নেওয়া উদ্যোগের প্রশংসা করেন। একপর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে ট্রাম্পের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবেও পরিচিতি পান তিনি।
২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্প ঘোষণা দেন, নির্দিষ্ট শর্তে এনভিডিয়া চীনে তাদের উন্নত এইচ২০০ চিপ বিক্রি করতে পারবে। শর্ত অনুযায়ী, এসব বিক্রির একটি অংশ যুক্তরাষ্ট্র সরকারকে দিতে হবে। চীনের বাজারে প্রবেশের সুযোগ ফিরে পাওয়ায় এটি হুয়াংয়ের জন্য বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়।
তবে এই অবস্থান ওয়াশিংটনের চীনবিরোধী রাজনীতিবিদদের অসন্তুষ্ট করে। তাদের অভিযোগ ছিল, জাতীয় নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে হুয়াং এনভিডিয়ার ব্যবসায়িক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন। ফলে এনভিডিয়াসহ অন্যান্য চিপ নির্মাতা প্রতিষ্ঠানের রপ্তানি কার্যক্রমে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি ওঠে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক নারীর কথিত সম্পর্কের বিষয়টি মার্কিন কর্মকর্তাদের নজরে আসে। অ্যালিস তখন সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডে কর্মরত ছিলেন।
সে সময় মার্কিন বাণিজ্য বিভাগ তদন্ত করছিল, রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে মেগাস্পিড এনভিডিয়ার উন্নত চিপ চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে সরবরাহ করছে কি না। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, দুই বছরে এনভিডিয়ার কাছ থেকে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের বেশি মূল্যের চিপ কিনেছিল প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, প্রায় এক বছর আগেই মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছিলেন, চীনা নাগরিক অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে তথ্য সংগ্রহ করছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে সে সময় ট্রাম্প এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি।
পরবর্তী সময়ে ২০২৬ সালের মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নিতে ট্রাম্পের বেইজিং সফরের প্রস্তুতি চলছিল। ওই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও তাকে সতর্ক করেন।
প্রতিবেদন অনুযায়ী, এয়ার ফোর্স ওয়ানে অবস্থানকালে রুবিও ট্রাম্পকে জানান, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক নারীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আলাস্কার অ্যাঙ্কোরেজে যাত্রাবিরতির আগে এ তথ্য জানানো হয়। সেখানে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে শেষ মুহূর্তে হুয়াংয়ের যোগ দেওয়ার কথা ছিল।
গত ২৯ অক্টোবর নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে অ্যালিস হুয়াংকে চীনা গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন সদস্য হিসেবে উল্লেখ করা হয়। একই প্রতিবেদনে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও সামনে আসে।
এরপর ৮ নভেম্বর এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি স্বীকার করেন হুয়াং। তবে ওই নারীর নাম উল্লেখ না করে তিনি লেখেন, ‘আমি যা করেছি, তার কোনো অজুহাত হতে পারে না। আমি আন্তরিকভাবে দুঃখিত।’
একই দিন তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে এনভিডিয়া। যদিও তখন প্রতিষ্ঠানটির মুখপাত্র জন রিজো জানিয়েছিলেন, কোনো ধরনের বিঘ্ন ছাড়াই প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াং।
পরদিন ৯ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চীন সফরে হুয়াংকে আমন্ত্রণ জানানোর সময় তিনি এ পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন না। হুয়াং তাকে জানিয়েছেন, অ্যালিস হুয়াং একজন কথিত গুপ্তচর—এমন কোনো তথ্য তার জানা ছিল না। ট্রাম্প বলেন, ‘আমি সত্যিই তাকে বিশ্বাস করি।’
অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে।
সবশেষ ১১ নভেম্বর নিউইয়র্ক টাইমসের আরেক প্রতিবেদনে বলা হয়, হুয়াংয়ের অধীনে কর্মরত এনভিডিয়ার এক নারী নির্বাহীর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে হুয়াং কিংবা এনভিডিয়া কর্তৃপক্ষ কেউই মন্তব্য করেনি।
এদিকে মেগাস্পিড জানিয়েছে, তারা মার্কিন সরকারের তদন্তকে স্বাগত জানায় এবং তদন্তকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
এসব ঘটনার পর হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে জরুরি বৈঠকে বসে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তার পদত্যাগের মধ্য দিয়ে ৩৩ বছরের নেতৃত্বের অবসান ঘটে।
এনভিডিয়ার প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের স্থায়ী উত্তরসূরি খুঁজে বের করার প্রক্রিয়াও শুরু করেছে পরিচালনা পর্ষদ।
তবে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার আকস্মিক বিদায়ের প্রকৃত কারণ নিয়ে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি এনভিডিয়া। ফলে ব্যক্তিগত সম্পর্ক, গোয়েন্দা সন্দেহ এবং ব্যবসায়িক স্বার্থের জটিল সমীকরণই হুয়াংয়ের বিদায়কে ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছে।