প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম (ভিজিট : ১৬১)

সংগৃহীত ছবি
পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহার করলে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব তুলেছেন মার্কিন মধ্যস্থতাকারীরা। এমন তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সম্প্রতি মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে ডাবলিনে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধিরা। ওই বৈঠকের পরই বিষয়টি প্রকাশ করেন জেলেনস্কি। খবর বিবিসির।
শনিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছিল, ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায়, তাহলে কি দেশটি দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? প্রথমবারের মতো বিষয়টি আলোচনায় এসেছে।’
তিনি আরও জানান, ইউক্রেনকে সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া, দেশটির সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ আরোপ না করা এবং পুনর্গঠনের জন্য পর্যাপ্ত অর্থায়নের প্রস্তাব দেওয়া হলে তিনি বিষয়টি গণভোটে উপস্থাপন করবেন।
তবে মার্কিন পক্ষ থেকে এ প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিকভাবে জোরালো কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন ধরনের প্রস্তাব ও ধারণা নিয়ে আলোচনা চলছে। তবে যেকোনো চূড়ান্ত চুক্তির জন্য সংশ্লিষ্ট উভয় পক্ষের সম্মতি প্রয়োজন হবে।