প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৩২ এএম (ভিজিট : ১৬১)

সংগৃহীত ছবি
দলীয় কর্মসূচিগুলো প্রাণবন্ত ও সফল করতে আগামী ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত্তি ধ্বংস করেছে। সরকারের মধ্যে ফ্যাসিবাদের বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। এ দেশের মানুষ বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও প্রতিবারই সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দেশের মানুষের অনেক প্রত্যাশা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
এ সময় স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা ও ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের শক্তি সঞ্চয় এবং সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপাচার্য ও অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে।