জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রশ্ন তুলেছেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা নেবেন, নাকি জনগণকে নিজের হাতে আইন তুলে নিতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন।
সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা লেখেন, ‘নুসরাতের বাড়ির অবস্থা। ওর পরিবারকে পুড়িয়ে মারতে চেয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?’
পোস্টের সঙ্গে নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি ও পশুর ছবি যুক্ত করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে বাড়িতে আগুন ধরে যায় এবং তাঁর মা-বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই হামলার বিষয়টি জানান নুসরাত। তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’