
সংগৃহীত ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে নেওয়া হয়েছিল, একই ধরনের ব্যবস্থায় তাঁকে দেশে ফেরত পাঠাতে আগ্রহী নয়াদিল্লি। তবে প্রত্যাবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নেওয়া এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার সুযোগ নিশ্চিত করার শর্ত দিয়েছে ভারত। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ সুগম করতে ভারত দুটি প্রধান শর্ত সামনে এনেছে। প্রথমত, তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। এ জন্য সামরিক বিমান পাঠানোর প্রস্তাব থাকতে পারে। বিকল্প হিসেবে স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্টে বাংলাদেশের সেনাসদস্যদের কাছে তাঁকে হস্তান্তর করা হতে পারে।
দ্বিতীয়ত, জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার সুযোগ নিশ্চিত করতে হবে বাংলাদেশকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থান করা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নয়াদিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ভারত।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতীয় নীতিনির্ধারকেরা প্রথমে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিলেন। এ লক্ষ্যে কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করা হলেও উদ্যোগটি সফল হয়নি। ফলে তাঁকে দেশে ফিরিয়ে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়াকেই এখন বাস্তবসম্মত পথ হিসেবে বিবেচনা করছে নয়াদিল্লি। এ ছাড়া শেখ হাসিনা দেশে না ফিরলে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে বলেও মনে করছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’ ভারত চায়, আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে তাঁর বিচারপ্রক্রিয়া সম্পন্ন হোক।
এদিকে, এক ভারতীয় সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফেরার পর তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে এমন নিশ্চয়তা চায় নয়াদিল্লি।
বিবিসি বাংলা জানায়, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবেদন করলেও প্রত্যর্পণ চুক্তির আইনি দিক পর্যালোচনার কথা বলে ভারত এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। আসামি হিসেবে কোনো বাংলাদেশি বিমানে তাঁকে তুলে দিতে চায় না নয়াদিল্লি। ভারতের আশঙ্কা, এমন পদক্ষেপ নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের মিত্র নেতাদের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, গত কয়েক মাস ধরে এ বিষয়ে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করাই ছিল এসব আলোচনার অন্যতম উদ্দেশ্য।
ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এর আগে প্রকাশ্যে জানিয়েছিলেন, ২০২৪ সালের জুলাইয়ের পরও বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। সংশ্লিষ্ট একটি সূত্রের ইঙ্গিত, দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার এই যোগাযোগ শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রেও কাজে লাগাতে চায় ভারত।
বিবিসি বাংলার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
তবে জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করা বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনাকে ফেরাতে কতটা আগ্রহী, তা নিয়ে ভারতীয় কর্মকর্তাদের মধ্যে সংশয় রয়েছে। তাঁদের আশঙ্কা, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।
নয়াদিল্লির সাউথ ব্লকের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, নির্ধারিত শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন এটি ভারত জানে। তারপরও তাঁর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়টিকে সম্মতি দেওয়া হয়েছে। ওই কর্মকর্তার ভাষ্য, ‘অন্তত আমরা তখন বলতে পারব যে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখানোয় তা সম্ভব হয়নি।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরতে না পারলেও ভারতে তাঁর অবস্থান দীর্ঘায়িত করার পক্ষে নতুন যুক্তি দাঁড় করানোর সুযোগ পেতে পারে নয়াদিল্লি।