
সংগৃহীত ছবি
বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। দলটির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে বিএনপি ও এর তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় দুই ঘণ্টার বৈঠকে ডিসেম্বরের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে নিজস্ব উদ্যোগে কর্মসূচি গ্রহণ করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি অন্য কোনো রাজনৈতিক দল বা পক্ষের কর্মসূচির পাল্টা হিসেবে নেওয়া হবে না। একই সঙ্গে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে অন্য দলের কর্মসূচি প্রতিহত করার মতো উদ্যোগ থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’
বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, ডিসেম্বরজুড়ে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বিএনপি এবং এর তিন অঙ্গসংগঠন পৃথকভাবে নিজেদের কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে চায়। বিজয়ের মাসে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের রাজপথে সক্রিয় রাখা এবং সাংগঠনিক যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই নিজস্ব কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।