প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম (ভিজিট : ৮২)

সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন আদালতের বিচারকদের যাতায়াতের সুবিধা বাড়াতে নয়টি মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে রংপুরের জেলা ও দায়রা জজের হাতে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উদ্যোগে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে মাইক্রোবাসগুলো কেনা হয়েছে। নিবন্ধন ব্যয়সহ নয়টি মাইক্রোবাস কিনতে মোট ৪ কোটি ৬৮ লাখ টাকা খরচ হয়েছে।
বরাদ্দ অনুযায়ী, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, যশোর, রংপুর, ঢাকা ও পঞ্চগড় জেলা জজ আদালতে একটি করে মোট ছয়টি মাইক্রোবাস দেওয়া হয়েছে। এ ছাড়া রাজশাহী ও সিলেট মহানগর দায়রা জজ আদালতে দুটি এবং সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, নতুন যানবাহন সরবরাহের ফলে এসব আদালতের বিচারকদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রাতিষ্ঠানিক সহায়তাও বাড়বে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী নিবন্ধন অধিদপ্তর ও প্রশাসনিক ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।
এ সময় আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, রংপুরের জেলা ও দায়রা জজ হালিম উল্লাহ চৌধুরী, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।