মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: টুঙ্গিপাড়ায় দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলল নিষিদ্ধ ছাত্রলীগ   ‘গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের অস্তিত্ব নেই’   গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন   অপরাধ দমনে আইন-আদালতের পাশাপাশি সামাজিক ও পারিবারিক শিক্ষাও জরুরি: অ্যাটর্নি জেনারেল   বিচারকদের যাতায়াতের সুবিধায় ৯ আদালতে ৯টি মাইক্রোবাস দিল সরকার   সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্য বছরে ১,৮৬১ কোটি টাকা   আনভীর স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধি দল   
সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্য বছরে ১,৮৬১ কোটি টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি হাসপাতালের চিকিৎসাসেবায় অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণায়। কর্মস্থলে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়মসহ স্বাস্থ্য খাতের নানা অসংগতি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

গবেষণায় দেখা গেছে, আকস্মিক পরিদর্শনে সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, রোগীদের বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে চিকিৎসকদের একটি অংশ পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নিচ্ছেন। এ ধরনের কমিশন বাণিজ্যে দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার লেনদেন হতে পারে বলে ধারণা করা হয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় ঔষধাগরের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্য উঠে এসেছে। কোনো কোনো সরঞ্জাম বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ বেশি দামে কেনার নজিরও পাওয়া গেছে।

রোববার (১৬ নভেম্বর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

১৯১ পৃষ্ঠার এই প্রতিবেদনে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডা)।

প্রতিবেদনে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের নানা ধরনের হয়রানি ও অনিয়মের শিকার হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের মাধ্যমে সেবা নিতে বাধ্য করা, শয্যা বরাদ্দ ও ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো।

এমনই একটি ঘটনায় অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। পরে ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অন্যত্র বদলি করা হয়।

চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টিও গবেষণায় গুরুত্ব পেয়েছে। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে হাসপাতালে পাওয়া যায়নি। আরেকটি গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। দায়িত্ব পালন না করেও সরকারি বেতন-ভাতা গ্রহণের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এ ক্ষেত্রে ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিএইচডব্লিউ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই।

চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতার চিত্র উঠে এসেছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭৯টি অভিযোগ এখনও নিষ্পত্তির অপেক্ষায়। মাত্র ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেডিকেল শিক্ষার মান নিয়েও প্রশ্ন তুলেছে গবেষণাটি। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি, যা ২০২২-২৩ সালে বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে মেডিকেল কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি ও নিয়ন্ত্রণব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি।

স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়ম কমাতে বেশ কিছু কাঠামোগত সংস্কারের সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে রয়েছে রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন গ্রহণ আইনত নিষিদ্ধ করা।

পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা, চিকিৎসায় অবহেলার অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।

স্বাস্থ্যকর্মীদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারীদের জন্য বিশেষ প্রণোদনার সুপারিশও করা হয়েছে। একই সঙ্গে সরকারি কেনাকাটার সব তথ্য জনসমক্ষে প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম ক্রয় ও ব্যবহারের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত এবং দুর্নীতির তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব প্রতিষ্ঠানের প্রধান হওয়ার সুযোগ বন্ধ করার প্রস্তাবও রয়েছে প্রতিবেদনে। পাশাপাশি রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং স্বাধীন আপিলব্যবস্থা প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়াই সমস্যার একমাত্র সমাধান নয়; স্বাস্থ্য খাতের সামগ্রিক কাঠামোতে সংস্কার আনতে হবে।

তিনি বলেন, আর্থিক অনিয়ম কিংবা দরপত্রে কারসাজির পাশাপাশি বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অংশ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]