প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসারও কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এরপরও দলটি অতীত থেকে শিক্ষা নেয়নি।
তিনি আরও বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুটের ঘটনা ঘটেনি, বিদ্যুৎ খাতেও দুর্নীতি হয়নি। এ অবস্থায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে আওয়ামী লীগ সহিংস রাজনীতির আশ্রয় নিচ্ছে। দলটির সাংগঠনিক তৎপরতা না থাকায় মানুষের মনোযোগ অন্যদিকে সরাতেই এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। সহিংস আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা কোনো রাজনৈতিক কৌশল হতে পারে না।
আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতের ক্ষয়ক্ষতির প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, দলটি দেশের যে পরিমাণ ক্ষতি করে গেছে, তা জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরা সম্ভব হয়নি। দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাংকিং খাতের আর্থিক অবস্থারও ব্যাপক ক্ষতি হয়েছে। এসবের দায় বর্তমান সরকারের না হলেও দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে সরকারকে এর পরিণতি মোকাবিলা করতে হচ্ছে। অতিরিক্ত দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমলে দেশের যতটা ক্ষতি হয়নি, আওয়ামী লীগ ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে।
এদিকে বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস ও গণহত্যার সঙ্গে জড়িত হয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের সংবাদ প্রচারের বিষয়টি জনগণ ভালোভাবে নেবে না বলে মন্তব্য করেন তিনি।