বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: তথ্য কমিশনকে শক্তিশালী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা   সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের   এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী   হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’   সংরক্ষিত নারী আসন বিলুপ্ত করে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার পক্ষে স্পিকার   বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান   শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ার ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ   
শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ১০৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে গ্রেপ্তার ১১ আসামির একজন, সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে সেদিন ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এ কারণে শুনানি পিছিয়ে ১২ নভেম্বর পুনর্নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

শহীদুল হক ছাড়াও গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

শেখ হাসিনাসহ পলাতক আসামিদের তালিকায় রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও জাহাঙ্গীর কবির নানক। এ ছাড়া রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এবং সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ।

পলাতক আসামিদের তালিকায় আরও রয়েছেন সাবেক র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন ও মনিরুল ইসলাম। এ ছাড়া রয়েছেন তৎকালীন ডিএমপির বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এসএম মেহেদী হাসান, মো. আসাদুজ্জামান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ ও বিপ্লব কুমার সরকার, ডিআইজি সুপার সৈয়দ নুরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএম শিবলী নোমান ও তৎকালীন মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী।

এর আগে গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয়। পরে ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ জনকে পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

মামলাটিতে মোট দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয় তুলে ধরা হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]