
সংগৃহীত ছবি
বিশ্বে সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম হিসেবে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। ২০৩৫ সালের মধ্যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত পিউর এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দশকে মুসলিম ও খ্রিষ্টান—উভয় সম্প্রদায়ের জনসংখ্যা বাড়লেও মুসলিমদের বৃদ্ধির হার তুলনামূলক বেশি হবে। এ ধারাবাহিকতা বজায় থাকলে একপর্যায়ে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যাবে ইসলাম।
বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধসহ সাতটি ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার পরিবর্তন ও বিস্তারের ওপর ভিত্তি করে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের আওতায় পরিচালিত এ গবেষণায় বিশ্বজুড়ে ধর্মীয় পরিবর্তন এবং এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।
তবে গবেষণা সংস্থাটি জানিয়েছে, এই পূর্বাভাসকে ভবিষ্যতের অবধারিত চিত্র হিসেবে দেখার সুযোগ নেই। আর্থসামাজিক পরিস্থিতি, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ঘটনা মানুষের ধর্মীয় পরিচয় ও জনসংখ্যার প্রবণতায় পরিবর্তন আনতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার সবচেয়ে বেশি। মুসলিম জনগোষ্ঠীর দ্রুত বৃদ্ধির পেছনে এটিকে অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে পিউ।
গবেষণার তথ্য বলছে, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে খ্রিষ্টানদের সন্তান জন্মদানের হার দ্বিতীয় সর্বোচ্চ।
সাধারণত একটি দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন।
পিউর হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির ফলে মুসলিম জনগোষ্ঠীতে নতুন করে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর ক্ষেত্রে এ সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখে।
ধর্ম পরিবর্তনের প্রবণতাও মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ এবং অন্য ধর্ম থেকে ইসলামে আসার হিসাব মিলিয়ে মুসলিম জনগোষ্ঠীর নিট ক্ষতি হতে পারে প্রায় ৮০ লাখ মানুষের।
অন্যদিকে, খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এ ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখে।
প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিষ্টধর্ম ত্যাগকারীদের একটি বড় অংশ পরবর্তী সময়ে নিজেদের কোনো ধর্মের অনুসারী হিসেবে পরিচয় দেবেন না। এদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও রয়েছেন।
তবে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে খ্রিষ্টানদের ব্যাপক হারে ইসলাম গ্রহণকে দেখছে না পিউ। বরং ইসলাম থেকে খ্রিষ্টধর্মে এবং খ্রিষ্টধর্ম থেকে ইসলামে ধর্মান্তরের সম্ভাব্য সংখ্যা প্রায় কাছাকাছি। যদিও খ্রিষ্টধর্ম থেকে ইসলামে আসার সংখ্যা কিছুটা বেশি হতে পারে।
পিউর পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দশকে মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে।
২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সালের মধ্যে এসব দেশে আরও প্রায় ১২০ কোটি মুসলিম বসবাস করতে পারেন। বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যার মোট বৃদ্ধির প্রায় ৭৪ শতাংশ ঘটবে এসব দেশে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এতে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান।
এদিকে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ২০৭০ সালের মধ্যে মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মুসলিম হতে পারেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও মুসলিমদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে। একপর্যায়ে এ অঞ্চলে ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকেও ছাড়িয়ে যেতে পারে মুসলিমরা।
অন্যদিকে, খ্রিষ্টান জনসংখ্যার বৃদ্ধিও মূলত বর্তমানে খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ ১২০টি দেশে কেন্দ্রীভূত থাকবে। এসব দেশে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৬৩ কোটি বাড়তে পারে, যা বিশ্বজুড়ে খ্রিষ্টান জনসংখ্যার মোট বৃদ্ধির প্রায় ৯২ শতাংশ।
সব মিলিয়ে পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় উঠে এসেছে, আগামী পাঁচ দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে পারে। বিশেষ করে সন্তান জন্মদানের উচ্চ হার ও স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে।