প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:২৪ পিএম (ভিজিট : ৫৮)

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ব্রিজের ঢালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ব্রিজের পাশে যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসটি যাত্রী ওঠানামার জন্য নির্ধারিত স্থানে দাঁড়িয়ে ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক ব্যক্তি বাসে ওঠে। পরে বাসের ভেতরে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
আগুন দ্রুত বাসের ভেতরে ছড়িয়ে পড়লে চালক, হেলপার ও যাত্রীরা তড়িঘড়ি করে বাস থেকে নেমে যান। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা জানান, যাত্রীবেশে বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের সবাই নিরাপদে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।