প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ এএম (ভিজিট : ১৩৬)

সংগৃহীত ছবি
অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এ সময় মানবপাচারে জড়িত সন্দেহে আটজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টা ২৩ মিনিটে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিন ও রাতে সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধভাবে সীমান্ত পারাপার ও অনুপ্রবেশ ঠেকাতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজিবি জানায়, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের সন্দেহজনক চলাচল লক্ষ্য করে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলি ছোড়া হয়। পরে টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারে জড়িত সন্দেহে আটজনকে গ্রেফতার করে।
সীমান্তে নজরদারি আরও কার্যকর করতে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের সব সদস্য এবং সীমান্ত ফাঁড়ির (বিওপি) জনবলকে প্রস্তুত রাখা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।