প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:২৭ পিএম (ভিজিট : ৪২)

সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (১৮ নভেম্বর) এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে বলে বেবিচকের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
নির্দেশনায় দেশের প্রতিটি বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের কথা বলা হয়েছে। এর আওতায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দর চত্বরে প্রবেশ করা সব যানবাহনে নিবিড় তল্লাশি চালাতে বলা হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল, নজরদারি ও যানবাহন তল্লাশি কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরসংলগ্ন এলাকাগুলোতে পুলিশের টহল জোরদার করতে বিমানবন্দর থানাকেও বলা হয়েছে।
এ ছাড়া যেসব বিমানবন্দরে রাতে উড়োজাহাজ চলাচল করে না, সেসব বিমানবন্দরেও রাতভর টহল ও সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুধু মাঠপর্যায়ের নিরাপত্তা নয়, প্রযুক্তিনির্ভর নজরদারিও বাড়ানোর উদ্যোগ নিয়েছে বেবিচক। বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা স্থাপনের বিষয়ে ইতিমধ্যে পুলিশের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি। পুলিশের চলমান এআই ক্যামেরা নেটওয়ার্কের আওতায় বিমানবন্দর এলাকাগুলোকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব উদ্যোগে নতুন ক্যামেরা স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে।