প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম (ভিজিট : ১৭)

সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে ওই বাসায় নুরুল ইসলাম নাহিদের অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাবেক এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে। এর বেশির ভাগই সিলেটে দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাগুলো তদন্তাধীন রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি তার মেয়ের। তিনি কত দিন ধরে ওই বাসায় অবস্থান করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।