মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: টুঙ্গিপাড়ায় দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলল নিষিদ্ধ ছাত্রলীগ   ‘গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের অস্তিত্ব নেই’   গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে ৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন   অপরাধ দমনে আইন-আদালতের পাশাপাশি সামাজিক ও পারিবারিক শিক্ষাও জরুরি: অ্যাটর্নি জেনারেল   বিচারকদের যাতায়াতের সুবিধায় ৯ আদালতে ৯টি মাইক্রোবাস দিল সরকার   সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্য বছরে ১,৮৬১ কোটি টাকা   আনভীর স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধি দল   
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ৯ হাজার ২৪৬ মিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম   (ভিজিট : ১৫৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আরও বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দুই দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৯ হাজার ২৪৬ মিলিয়ন মার্কিন ডলারে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নাহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে ১১ হাজার ৪৮ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে দেশটিতে রপ্তানি করেছে ১ হাজার ৮০২ মিলিয়ন ডলারের পণ্য।

এর আগের অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ সালে ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ৭৬৪ মিলিয়ন ডলার। একই সময়ে ভারত থেকে আমদানি করা হয়েছিল ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলারের পণ্য।

অন্য এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ভারত ছাড়াও ২০২৪-২৫ অর্থবছরে সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার মুক্তবাণিজ্য চুক্তি সাফটা এবং এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা) সদস্য হিসেবে বাংলাদেশ ভারতের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা পাচ্ছে।

এদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের সামগ্রিক বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার। ওই অর্থবছরে দেশে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। বিপরীতে আমদানি হয়েছে ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের পণ্য।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে।

কৃষকের ১০ টাকার বেগুন ঢাকায় ৪০ টাকা কেন?

প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে কৃষক ও ভোক্তা পর্যায়ে কৃষিপণ্যের দামের বড় ব্যবধানের বিষয়টি তুলে ধরেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, কৃষক যেখানে প্রতি কেজি বেগুন ১০ টাকায় বিক্রি করছেন, সেখানে রাজধানীর কারওয়ান বাজারে একই বেগুনের দাম ৩৫ থেকে ৪০ টাকা।

এই মূল্য ব্যবধান কমাতে রেল ও নৌপথে কৃষিপণ্য পরিবহনের ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে চান তিনি।

জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদন এলাকা থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত পণ্যের দামে বড় ব্যবধান তৈরি হচ্ছে। সরবরাহব্যবস্থার দুর্বলতা এর অন্যতম কারণ। সারা বছর শাকসবজি ও ফলের সরবরাহ স্বাভাবিক রাখতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো থাকবে বলে সরকার আশা করছে।

তিনি আরও বলেন, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিংবা আন্তর্জাতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না এলে আগামী রমজানে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করা হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]