প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম (ভিজিট : ৪৯)

সংগৃহীত ছবি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় প্রযোজক আরশাদ আদনানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। ভুয়া ফেসবুক পেজ থেকে তাঁর বিএনপির সংস্কৃতি কমিটিতে যোগদানের খবর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিবাদ জানিয়ে কয়েকটি ছবি প্রকাশ করেছেন আরশাদ আদনান। তিনি জানান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সভা শেষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের ছবি ব্যবহার করে তাঁকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
প্রতিবাদ জানিয়ে প্রযোজক বলেন, তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার করা হচ্ছে। তবে এসব বিষয়ে তিনি খুব একটা গুরুত্ব দেন না। মিথ্যা তথ্য প্রচারের আগে তাঁর সঙ্গে কথা বললে সঠিক তথ্য জানতে পারত সংশ্লিষ্টরা।
তিনি আরও বলেন, তিনি সিনেমার মানুষ এবং চলচ্চিত্র নিয়েই থাকতে চান। দেশের সিনেমার উন্নয়নে নিজের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় কাজ করে যাবেন।
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা আরশাদ আদনান বর্তমানে শাকিব খানকে নিয়ে ‘মহব্বত’ সিনেমার কাজ করছেন। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি এই ত্রয়ীর তৃতীয় কাজ। এ ছাড়া ‘নসীব’সহ আরও কয়েকটি সিনেমা প্রযোজনা করছেন তিনি।