প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:১০ এএম (ভিজিট : ৬৭)

সংগৃহীত ছবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বালন করেছেন শিক্ষার্থীদের একটি দল।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে শিক্ষার্থীরা মুরাদ চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে মোমবাতি জ্বালিয়ে মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানান তারা।
কর্মসূচিতে বিপ্লবী ছাত্র মৈত্রী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সোমা ডুমরী বলেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। আইনি প্রক্রিয়ায় সাক্ষ্য দেওয়ার কারণে কারও মরদেহ দাফনে বাধা দেওয়া তার অধিকার ক্ষুণ্ন করার শামিল।
মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানানো এবং তার দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদ জানাতেই মোমবাতি প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান সোমা ডুমরী।