প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৪০ এএম (ভিজিট : ২১)

সংগৃহীত ছবি
দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা বেড়েছে। গত ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭০টি ককটেল বিস্ফোরণ এবং ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।
বুধবার (১৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তথ্যে এসব চিত্র উঠে এসেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এ সময়ে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটেছে। ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পুলিশের দুটি স্থাপনাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এসব নাশকতার ঘটনায় মোট ৩৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ পাবে না। নাশকতার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।