প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৫২ এএম (ভিজিট : ২৩)

সংগৃহীত ছবি
গোপালগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাসপাতাল ও ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার রাত ৮টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পাঁচতলা ভবনটির চতুর্থ তলা পর্যন্ত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। পঞ্চম তলার নির্মাণকাজ চলমান। ভবনটির নিচতলায় ক্লিনিকের বাম পাশের একটি বড় কক্ষে সংসদ সদস্যের কার্যালয় রয়েছে।
তাদের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভবনটির সামনে এসে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে তারা ভবনের নিচতলায় হাসপাতাল ও সংসদ সদস্যের কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান।
ভবনটির নিচতলায় ডায়াগনস্টিক সেন্টার, অভ্যর্থনাকক্ষ ও চিকিৎসকদের চেম্বার রয়েছে। এসব স্থানে ভাঙচুরের পর তিনটি চেয়ারসহ কয়েকটি আসবাবপত্র ক্লিনিকের সামনে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ক্লিনিকের কর্মীদের অভিযোগ, হামলাকারীরা কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জামও নিয়ে গেছেন। তবে ভবনের দ্বিতীয় থেকে চতুর্থ তলায় রোগীদের জন্য থাকা কেবিনগুলোতে তারা প্রবেশ করেননি।
ভবনটির তত্ত্বাবধায়ক খাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় ক্লিনিকে তিনজন রোগী ভর্তি ছিলেন। তাদের দেখাশোনার জন্য কয়েকজন নার্সও দায়িত্বে ছিলেন। ভাঙচুরের পর রোগী ও নার্সরা ক্লিনিক ছেড়ে চলে যান। তবে কাউকে মারধরের ঘটনা ঘটেনি।