প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম (ভিজিট : ৭৪)

সংগৃহীত ছবি
মাগরিবের নামাজ আদায় শেষে বাসার উদ্দেশে আদালত থেকে বের হয়েছিলেন বিচারক ফারহান নাদিম। তবে সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাসায় ফেরেননি তিনি। একাধিকবার খোঁজ নিয়েও তার সন্ধান পাননি স্ত্রী। বন্ধ পাওয়া যাচ্ছে তার মোবাইল ফোনও।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিভিল জজ ফারহান নাদিম। এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার উদ্যোগ নিয়েছে জেলা জজ আদালত। ইতোমধ্যে পুলিশ তার সন্ধানে অনুসন্ধান শুরু করেছে।
জেলা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজের পক্ষ থেকে বুধবার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি লিখিত আবেদন করা হয়। এতে বলা হয়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেন্দিগঞ্জ আদালত থেকে মাগরিবের নামাজ আদায় করে বাসার উদ্দেশে বের হন বিচারক ফারহান নাদিম।
সন্ধ্যা ৬টার দিকে তার স্ত্রী আদালতের অফিস সহায়ক নুর আলমকে ফোন করে জানান, বিচারক তখনো বাসায় ফেরেননি। পরে রাত ৮টার দিকেও একই বিষয়ে ফোন করেন তিনি। এ সময় বিচারকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।
পরে অফিস সহায়ক নুর আলম আদালতের পেশকার মো. রাসেলুল হাসানকে বিষয়টি জানান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বিচারকের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরের বিবির পুকুরের পশ্চিম পাড়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিচারক ফারহান নাদিমকে দেখা গেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিষয়টি পারিবারিক কোনো ঘটনাও হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার থেকে বিচারকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আদালতের সবাই উদ্বিগ্ন।
জেলা জজ আদালতের নাজির মাইনুল হোসেন জানান, বিচারকের নিখোঁজের ঘটনায় জিডি করতে তিনি কোতোয়ালি থানায় গিয়েছিলেন। তবে আবেদনে কিছু তথ্য অসম্পূর্ণ থাকায় সেগুলো সংযুক্ত করে পুনরায় থানায় যেতে বলা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, জিডি করার জন্য আদালতের পক্ষ থেকে একজন এসেছিলেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এরই মধ্যে পুলিশ বিচারকের সন্ধানে খোঁজখবর শুরু করেছে।