
সংগৃহীত ছবি
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত কার্যালয়ে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পৃথক দুটি স্থানে বিক্ষোভ মিছিল থেকে আগুন দেওয়া হয়। গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।
নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং মুন্সেফবাড়িতে বাহারের বাড়ির নিচতলায় অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের কয়েকটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রামঘাটে আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান। সেখানে গোপালগঞ্জে থানায় হামলা ও বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। একপর্যায়ে কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিছিল নিয়ে মুন্সেফবাড়িতে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে যান। সেখানে একই ঘটনার প্রতিবাদে স্লোগান দেওয়ার পর বাড়ির নিচতলায় অবস্থিত তাঁর ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে আগুন দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগবিরোধী স্লোগানও দিতে শোনা যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন। বাড়িতে কেউ থাকেন না, কার্যালয়েও কেউ ছিলেন না।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন রামঘাট এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন সাবেক সংসদ সদস্য বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়েও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে নৈশপ্রহরী ছাড়া পরিবারের কোনো সদস্য সেখানে অবস্থান করছেন না।
এর প্রায় ছয় মাস পর, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাত একটার দিকে আবারও বাহারের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বাড়ির বিভিন্ন অংশ, কয়েকটি কক্ষ ও ভবনের সামনের অংশে আগুন দেওয়া হয়।
একই রাতে সাড়ে ১২টার দিকে রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুরের চেষ্টা চালানো হয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনের ইটের গাঁথুনি ভেঙে ফেলেন।
সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনাসহ পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে রয়েছেন বলে জানা গেছে।