প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম (ভিজিট : ৯৯)

সংগৃহীত ছবি
বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। আর ২০২৬ সালের ১৯ অক্টোবর পর্যন্ত তা বেড়ে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন।
তারেক রহমান জানান, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস এবং মানি ট্রান্সফার অপারেটরদের মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানোর নতুন সংযোগ স্থাপন সহজ হচ্ছে। প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ার পাশাপাশি প্রতিযোগিতা তৈরি হওয়ায় লেনদেনের খরচও কমেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ সহায়তা বা প্রণোদনা দিচ্ছে। পাশাপাশি কম খরচে রেমিট্যান্স পাঠানোর সুযোগ তৈরিতে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা চালু করতে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।
রেমিট্যান্স প্রবাহ বাড়ানো ও তা অব্যাহত রাখতে নতুন ধারণা, প্রযুক্তি এবং বিকল্প মাধ্যম নিয়ে সরকারের উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তারেক রহমান।