প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম (ভিজিট : ৬২)

সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’। এটি আরও শক্তিশালী হয়ে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি)। উপকূলে আঘাতের সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘আকভান’।
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার, মাচিলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার এবং ওডিশার গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দূরে। এটি মঙ্গলবার রাতে প্রবল ঘূর্ণিঝড় এবং ১৯ নভেম্বর সন্ধ্যার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে আকভান। নেল্লোর ও টুনি উপকূলীয় এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে ঝড়টি স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। তবে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল টাইম গভর্ন্যান্স সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকাশ জৈন জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।