প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম (ভিজিট : ১৫৫)

সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন স্থানে রাতভর ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১২টা থেকে আড়াইটা পর্যন্ত নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এসব ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রের দাবি, দুর্বৃত্তরা মোটরসাইকেল ও অটোরিকশায় এসে এসব ঘটনায় অংশ নেয়।
পুলিশের প্রাথমিক ধারণা, নগরীতে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
একাধিক সূত্র জানায়, রাতের প্রথম প্রহর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। রাত দুইটার দিকে কয়েকটি এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের অধিকাংশই মোটরসাইকেলে করে এসেছিলেন বলে জানা গেছে।
তবে একটি ঘটনায় অটোরিকশাচালকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। রাত সোয়া ১২টার দিকে মিরপুর মাজার রোডের ধানসিঁড়ি হোটেলের সামনে এক অটোরিকশাচালক ককটেল নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে চলে যান বলে জানা গেছে। সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে রাতে ককটেল নিক্ষেপের ঘটনায় অটোরিকশাচালকের সম্পৃক্ততার এমন তথ্য এবারই প্রথম পাওয়া গেল।
এ বিষয়ে দারুস সালাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, তাঁদের থানা এলাকায় ককটেল বিস্ফোরণের কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে পুলিশের টহল দল দায়িত্ব পালন করছে। তাদের কাছ থেকে তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
এদিকে রাত সাড়ে ১২টার পর রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয় কম্পাউন্ডের পকেট গেটের সামনে, সুপ্রিম কোর্টের গেট এবং মিরপুরের কালশী ফ্লাইওভারে ওঠার মুখে কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
শাহবাগ থানার ডিউটি অফিসার রাসেল পারভেজ জানান, সুপ্রিম কোর্টের সামনে তাঁদের একটি চেকপোস্ট রয়েছে। তবে এ ধরনের কোনো ঘটনার তথ্য তাঁরা এখনো পাননি।
অন্যদিকে, রাত সোয়া দুইটার দিকে শ্যামপুর পুলিশ ফাঁড়ির পাশে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে মতিঝিলের এজিবি কলোনির পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া রাতে হোটেল রেডিসনের সামনে এবং জাতীয় প্রেসক্লাবের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।