প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪২ এএম (ভিজিট : ১২৮)

সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের একটি ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত ওয়্যারহাউজটিতে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে একই দিন দুপুর দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন বোড়ঘাট এলাকায় কুরিয়ার সার্ভিসটির তিনটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত গাড়িগুলোর গতিরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গাড়িগুলোর নম্বর হলো ঢাকা মেট্রো-ন-১১-৭৭৭৭, ঢাকা মেট্রো-ড-১১-৪৮২৯ এবং ঢাকা মেট্রো-ট-১৩-৭৮২৭।
এ সময় দুর্বৃত্তরা গাড়ির চালকদের হুমকি দিয়ে জানায়, তাদের বড় ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ওয়্যারহাউজ থেকে কোনো গাড়ি বের করা যাবে না। অন্যথায় ফের হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেয় তারা।
একই দিনে কুরিয়ার সার্ভিসটির গাড়িতে হামলা ও পরে ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।