
সংগৃহীত ছবি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির শিকার হওয়ার অভিযোগ বন্ধ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, এনআইডির জন্য আবেদন করে ছয় মাস, ১০ মাস, এমনকি কয়েক বছর পার হলেও সেবা না পাওয়ার অভিযোগ তাকে বিব্রত করে। প্রতিদিন ডাক সই করার সময় এনআইডি-সংক্রান্ত অন্তত ছয়-সাতটি আবেদন ও দীর্ঘদিন সেবা না পাওয়ার অভিযোগ তার নজরে আসে। গণমাধ্যমেও নাগরিকদের হয়রানির খবর দেখে তিনি অস্বস্তি বোধ করেন।
তিনি বলেন, এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে হবে। নাগরিকদের এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে না, যেখানে সেবা পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। এ ক্ষেত্রে কর্মকর্তাদের দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা বন্ধ করে সেবা নিশ্চিত করতে হবে।
ইসি কর্মকর্তাদের উদ্দেশে এ এম এম নাসির উদ্দিন বলেন, মৌলিক তথ্য ও ন্যূনতম প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে নাগরিকদের সেবা দিতে হবে। সাধারণ মানুষের সচেতনতা ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বিবেচনায় রেখে সেবা কার্যক্রম সহজ করতে হবে।
আবেদন গ্রহণের পর দ্রুত আবেদনকারীকে বার্তা পাঠানোর নির্দেশনা দিয়ে সিইসি বলেন, আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি গ্রহণ ও প্রক্রিয়াধীন থাকার বিষয়টি জানাতে হবে। কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে তা-ও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রয়োজনে আবেদনকারীকে একটি মেমো বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে তিনি পরবর্তী সময়ে আবেদনের অগ্রগতি জানতে পারেন।
তিনি বলেন, একজন নাগরিক আবেদন করার পর ছয় মাস ধরে কোনো উত্তর পাবেন না কিংবা তার আবেদন কোন পর্যায়ে রয়েছে, সেটিও জানতে পারবেন না -এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।
এনআইডি-সংক্রান্ত সমস্যায় বিভিন্ন প্রতিষ্ঠানের নথিপত্রের ভুল তুলে ধরে দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সিইসি। তিনি বলেন, কারও জন্মনিবন্ধনে সমস্যা, আবার কারও শিক্ষাগত সনদে অসংগতি রয়েছে, এ ধরনের অজুহাতে দায় এড়িয়ে গেলে নাগরিকদের সেবা দেওয়া সম্ভব নয়। ব্লেম গেম বন্ধ করে সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।
গ্রামাঞ্চলের বয়স্ক ও প্রযুক্তিতে কম অভ্যস্ত নাগরিকদের বিষয়টি বিশেষভাবে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সব মানুষ অনলাইনে আবেদন করা কিংবা এনআইডি ডাউনলোড করার পদ্ধতি বোঝেন না। তাই শুধু অনলাইন থেকে কার্ড ডাউনলোড করার পরামর্শ দিলেই দায়িত্ব শেষ হবে না। যাদের পক্ষে এটি সম্ভব নয়, তাদের কাছে প্রয়োজনীয় কার্ড বা কাগজপত্র পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে।
এ জন্য এনআইডি সেবা সম্পর্কে নাগরিকদের সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের বিষয়ে নিয়মিত প্রচার-প্রচারণা চালানোর পরামর্শ দেন তিনি।
জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, এনআইডি কেবল একটি কার্ড নয়, এটি নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পর সরকারি বিভিন্ন সুবিধা থেকে পরিবার বঞ্চিত হতে পারে, এমন আশঙ্কায় অনেক পরিবার মৃত্যুর তথ্য জানাতে চায় না। এ ধরনের বিষয় বিবেচনায় নিয়েও সমাধান বের করতে হবে।
স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প পদ্ধতি নিয়েও কর্মকর্তাদের পরামর্শ চান তিনি। একই সঙ্গে এনআইডি প্রদানের ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ধারণের ওপর গুরুত্ব দেন।
সিইসি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায়িত্ব নির্বাচন কমিশনের পক্ষে নেওয়া সম্ভব নয়। তবে এনআইডি সেবা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের শর্ত এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়।
বক্তব্যের শেষে এনআইডি সেবার মান উন্নয়ন, দুর্নীতি বন্ধ এবং নাগরিকদের ভোগান্তি কমাতে কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পরামর্শ চান প্রধান নির্বাচন কমিশনার।