প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম (ভিজিট : ২০)

সংগৃহীত ছবি
চাঁদপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাবেক সংসদ সদস্য সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে পৃথক সময়ে শহরের জেটি রোড ও সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথমে রাতের দিকে শহরের জেটি রোড এলাকায় দীপু মনির বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
এরপর রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগে।
দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার বিষয়টি পুলিশ অবগত রয়েছে। সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছিল। তবে ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
অন্যদিকে, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মন্টু বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। দুটি ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সে তথ্য পাওয়া যায়নি।