প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ এএম (ভিজিট : ২৫)

সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার উদ্যোগ নিয়েছে সরকার। একইভাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও শ্রমিকদের বিদেশযাত্রার খরচ সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বন্ধ প্রক্রিয়া পুনরায় চালু করতে দেশটির সঙ্গে আলোচনা করেছে সরকার। আল্লাহর রহমতে সরকার এ প্রক্রিয়া চালু করতে সক্ষম হয়েছে। দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার বিষয়টিও মোটামুটিভাবে নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের যাতায়াতসহ সামগ্রিক অভিবাসন ব্যয় কমিয়ে আনাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। মালয়েশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও কর্মীদের বিদেশযাত্রার খরচ দুই লাখ টাকার মধ্যে অথবা সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছিল। ওই সময় সিন্ডিকেটের সদস্যরা বিদেশে পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকারের তৈরি সিন্ডিকেটের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো দেশ কর্মী নিয়োগ স্থগিত করেছিল, আবার কিছু দেশ এ প্রক্রিয়া ধীর করে দিয়েছিল।
এর আগে বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী, প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হচ্ছে।