প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম (ভিজিট : ২৫)

সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দেশে-বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত একটি অপশক্তি। তারা দেশ ও জনগণের বিরুদ্ধে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।
তিনি বলেন, পতিত ও পরাজিত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো আবারও এক মঞ্চে দাঁড়াতে হবে।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশকে আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। জনগণ পতিত ফ্যাসিস্ট দলকে আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেবে না।
এদিকে, সংসদে বক্তব্যে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রায় বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, কয়েক দিন আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে কর্মী পাঠানোর জটিলতা সমাধান করা সম্ভব হয়েছে। এর ফলে সামান্য কিছু আনুষঙ্গিক খরচ বহন করে প্রায় ১০ হাজার কর্মী বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকার যানজট নিরসন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, রাজধানীর ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল স্থাপনের কাজ চলছে। আগামী দুই মাসের মধ্যে এসব সিগন্যাল কার্যক্রম শুরু করতে পারে।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে নতুন ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছে। তবে সেগুলো এখনো চালু হয়নি। আগামী দুই মাসের মধ্যে সিগন্যালগুলো কার্যকর হলে ঢাকার যানজট পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।