
সংগৃহীত ছবি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা পারমাণবিক হামলার অনুমোদনসংক্রান্ত বিশেষ ব্রিফকেস এবার প্রকাশ্যে দেখা গেছে। চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ভেন্যুর বাইরে এক রুশ কর্মকর্তার হাতে ব্রিফকেসটি দেখা যায়। এ নিয়ে এক সাংবাদিকের সঙ্গে ওই কর্মকর্তার কথোপকথনের ভিডিও ইতোমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে।
ক্রেমলিন-নিয়ন্ত্রিত রাশিয়া-১ টেলিভিশন চ্যানেলের সংবাদদাতা ইয়েভগেনি পোপভ সম্মেলনস্থলের বাইরে দায়িত্ব পালনরত এক ইউনিফর্ম পরা কর্মকর্তার কাছে জানতে চান, তার হাতে থাকা ব্রিফকেসটি পারমাণবিক হামলার অনুমোদন দেওয়ার কাজে ব্যবহৃত সেই বিশেষ ব্রিফকেস কি না।
জবাবে কর্মকর্তা সম্মতি জানিয়ে বলেন, ‘হ্যাঁ’। পরে পোপভ আবার জানতে চাইলে তিনি নিশ্চিত করেন, ‘এটিই’। এ সময় উপস্থাপককে বিস্ময় প্রকাশ করতেও শোনা যায়।
বর্তমান বিষয়াবলি নিয়ে নির্মিত ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানের সহ-উপস্থাপক পোপভ ভিডিওতে ব্রিফকেসটির দিকে ইঙ্গিত করে বলেন, তাদের ঠিক পেছনেই রয়েছে সেই পারমাণবিক ব্রিফকেস।
তবে সংবেদনশীল পারমাণবিক ইস্যুতে ক্রেমলিনের বার্তা প্রচারের অংশ হিসেবে ঘটনাটি পরিকল্পিতভাবে প্রকাশ করা হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে পুতিনের বেইজিং সফরের সময়ও একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল। সে সময় দুই নৌবাহিনীর কর্মকর্তাকে দুটি ব্রিফকেস বহন করে পুতিনের সঙ্গে বৈঠকে যেতে দেখা যায়।
তখন রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়ার এক সংবাদদাতা বলেছিলেন, এ ধরনের ব্রিফকেস ছাড়া পুতিনের কোনো সফরই সম্পূর্ণ হয় না।
রাশিয়ার পারমাণবিক ব্রিফকেসের নাম ‘চেগেট’। ককেশাস অঞ্চলের মাউন্ট চেগেটের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। ১৯৮০-এর দশকে এই ব্যবস্থা তৈরি করা হয়। ১৯৮৫ সালে মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় এটি কার্যকর হয়।
সাধারণত রুশ প্রেসিডেন্টের সঙ্গে থাকা নৌবাহিনীর একজন কর্মকর্তা ব্রিফকেসটি বহন করেন। জনসমক্ষে এটি খুব কমই দেখা যায়। এ ধরনের আরও দুটি ব্রিফকেস রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং জেনারেল স্টাফের প্রধানের জন্য সংরক্ষিত রয়েছে।
ব্যবস্থাটি তৈরির সঙ্গে যুক্ত ভ্যালেনতিন গোলুবকভ ২০১৪ সালে রাশিয়ার সংবাদমাধ্যম কমসোমলস্কায়া প্রাভদাকে জানিয়েছিলেন, প্রেসিডেন্টের সঙ্গে দেশের শীর্ষ সামরিক নেতৃত্বের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।
তার ভাষ্য অনুযায়ী, রাশিয়ার বিশাল ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রভান্ডারকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় পরিচালনা করতেই এটি তৈরি করা হয়েছে।
গোলুবকভ জানান, ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টিও এ ব্যবস্থা তৈরির অন্যতম কারণ ছিল। সে সময় ইউরোপে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রায় পাঁচ মিনিটের মধ্যে সোভিয়েত ইউনিয়নে পৌঁছাতে পারত।
এ ছাড়া সোভিয়েত জেনারেল স্টাফ পাল্টা পারমাণবিক হামলার মহড়াও চালাচ্ছিল। অনুমোদন ছাড়া যাতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা না যায়, তা নিশ্চিত করাও এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য ছিল বলে জানান তিনি।
গোলুবকভের ব্যাখ্যা অনুযায়ী, প্রেসিডেন্টের অনুমোদনসংক্রান্ত সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রী ও জেনারেল স্টাফের প্রধানের কাছে থাকা পারমাণবিক ব্রিফকেসের সঙ্গে সমন্বয় করে সম্পন্ন করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এপেক সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছান পুতিন। ২১টি সদস্য অর্থনীতির নেতাদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, নেতাদের আলোচনায় পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টিও গুরুত্ব পাবে। চীনের ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ এবং ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার পারমাণবিক অবস্থান ঘিরে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্কাবস্থায় রাখেন পুতিন। একই সঙ্গে মস্কো নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির কার্যক্রম থেকে সরে আসে এবং দেশের পারমাণবিক প্রতিরোধনীতির নির্দেশিকায় পরিবর্তন আনে।