প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম (ভিজিট : ৮৭)

সংগৃহীত ছবি
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ঐতিহ্যবাহী ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের জন্য এ স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। নতুন দুটি রেকর্ড যুক্ত হওয়ায় স্থাপনাটির মোট গিনেস স্বীকৃতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত পাঁচটিতে।
সম্প্রতি মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন ক্লক টাওয়ারের পক্ষে নতুন দুটি রেকর্ডের সনদ গ্রহণ করেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। অন্যদিকে এর উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার। সেখান থেকে পবিত্র মসজিদুল হারামসহ মক্কা নগরীর বিস্তৃত দৃশ্য দেখা যায়। উঁচু অবস্থানের কারণে দর্শনার্থীরা এখান থেকে শহরের স্থাপত্য ও নগরজীবনের অনন্য দৃশ্য উপভোগ করতে পারেন।
২০১৯ সালের মে মাসে ক্লক টাওয়ার মিউজিয়ামটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। টাওয়ারের সর্বোচ্চ চারটি তলায় অবস্থিত এ জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার পদ্ধতি, মক্কার ইতিহাস এবং সুবিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশলগত নানা দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রের বিবর্তন ও ব্যবহার সম্পর্কেও জানার সুযোগ রয়েছে। জাদুঘরটির উচ্চতা নির্ধারণে ভূপৃষ্ঠ থেকে মিলিমিটার পর্যন্ত সূক্ষ্ম পরিমাপ করেছে গিনেস কর্তৃপক্ষ।
মক্কার ক্লক টাওয়ারের উচ্চতা ৬০১ মিটার। ২০১২ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত সাতটি সুউচ্চ ভবনের সমন্বয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ এটি। সৌদি বিনলাদিন গ্রুপ কমপ্লেক্সটির নির্মাণকাজ সম্পন্ন করে। টাওয়ারের ঘড়ির ওপর থাকা ৭১ মিটার উচ্চতার চূড়ার কারণে এর মোট উচ্চতা দাঁড়িয়েছে ৬০১ মিটার।
টাওয়ারটির চার পাশে রয়েছে একই আকারের চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটির ব্যাস ৪৩ মিটার, যা লন্ডনের বিখ্যাত এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের তুলনায় প্রায় ছয় গুণ বড়। ২০১১ সালের ২৮ নভেম্বর বিশাল ঘড়ির ডায়ালের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পায় ক্লক টাওয়ার। এর আগে বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘড়ির ডায়ালের রেকর্ডও অর্জন করেছিল স্থাপনাটি।
রয়্যাল কমিশন জানিয়েছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নতুন স্বীকৃতিগুলো মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দা, হজ ও ওমরাহ পালনকারীসহ দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রচেষ্টার প্রতিফলন। মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্যগত ঐতিহ্যকে কাজে লাগিয়ে শহরটির আন্তর্জাতিক পরিচিতি বাড়ানো এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।