শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: সাংবাদিক মাসুম বিল্লাহ্ রাকিবের বারী সিদ্দিকী পদক অর্জন   বিশ্বমানের হোস্টিং এলিভেটর নিয়ে বেলিয়া এক্সপোতে সিগমা লিফট কোম্পানি লিমিটেড   সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর, স্ত্রী রুকমীলার ১০ বছর কারাদণ্ড   জাতিসংঘ সংস্কার নিয়ে আলোচনা করতে খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের   পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজার যুবদলের মিছিল-সমাবেশ   গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়িতে আগুন-ভাঙচুর   ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না: রিজভী   
‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৮৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির চেষ্টায় জড়িত ‘পঞ্চম বাহিনী’ এবং পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, অগণতান্ত্রিক বা অমানবিক পন্থায় নয়, বরং জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের প্রতিহত করা হবে। একই সঙ্গে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পরাজিত শক্তি বিদেশে বসে অর্থ ও মদদ দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা পুলিশের বক্স ও গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং মানুষ হত্যার মতো কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি বলেন, ‘প্রথম থেকেই আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। কিন্তু তাদের কর্মকাণ্ড এখন ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে। সরকারও এ বিষয়ে অত্যন্ত তৎপর।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, যারা দেশের মানুষের কল্যাণে কাজ করেন, তাঁরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যান না। বরং রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট, গুম ও খুনের রাজনীতিতে জড়িত ব্যক্তিরাই দেশ ছাড়তে বাধ্য হন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নানা চাপ ও হুমকির মুখে পড়তে হলেও তাঁরা কখনো দেশ ছেড়ে যাননি। অথচ পালিয়ে যাওয়া ব্যক্তিরা বিদেশে ফ্ল্যাট, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। দেশে অর্থের বিনিময়ে লোকজনকে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। তবে কিছু সুবিধাবাদী ব্যক্তি জেলাটিকে সন্ত্রাসের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চাইছেন, যা আর সম্ভব হবে না।

তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম ও স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের নেতাকে হত্যা করা হয়েছে।

সাবেক এক জ্যেষ্ঠ মন্ত্রীর অডিও ফাঁসের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ফ্যাক্ট-চেকের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে। ওই অডিওতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হককে প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিতে শোনা গেছে বলে দাবি করেন তিনি।

রিজভীর মতে, এই ‘পঞ্চম বাহিনী’র বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ।

এদিকে, বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচির কথাও জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি।

এ ছাড়া ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত নেত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নেওয়া হবে। দীর্ঘ সংগ্রাম ও নির্বাসন শেষে দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে পালন করবে দলটি।

রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ও আবদুস সালাম আজাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]