
ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বেলিয়া সেকেন্ড ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো ২০২৬’। বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ তিনদিন ব্যাপী মেলায় দেশের অন্যতম সুনামধন্য এলিভেটর কোম্পানি "সিগমা লিফট কোম্পানি লিমিটেড" অংশগ্রহণ করেছে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ অনুষ্ঠিত মেলাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।
বাংলাদেশ এলিভেটর, এস্কেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া) এই প্রদর্শনী আয়োজন করেছে।
এবারের প্রদর্শনীর দ্বিতীয় আসরে সিগমা লিফট কোম্পানি লিমিটেড হাজির হয়েছে বিশ্বখ্যাত হোস্টিং এলিভেটর নিয়ে। মেলার গুলনকশা (হল-১) প্যাভিলিয়নের ৮ নম্বর স্টলে প্রতিষ্ঠানটির আধুনিক প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
সিগমা এলিভেটর গ্রুপের অধীনে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিগমা লিফট কোম্পানি লিমিটেড, ওটিস এলিভেটর কোম্পানি, হুন্দাই এলিভেটর কোম্পানি এবং হোস্টিং এলিভেটর লিমিটেড। প্রদর্শনীতে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর এলিভেটর ও এস্কেলেটর, শিল্প ও বাণিজ্যিক ভবনের জন্য উন্নত লিফট সল্যুশন এবং অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য নিরাপদ, আধুনিক ও আন্তর্জাতিক মানের ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন সল্যুশন তুলে ধরা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলিয়ার সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ইয়াদুল হক, এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান নেয়ামুল হক সায়েম, ইভেন্ট ম্যানেজার ও এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক এবং আন্তর্জাতিক ইভেন্ট পার্টনার বেইজিং ইয়াবু ইন্টারন্যাশনাল এক্সিবিশন কোম্পানি লিমিটেডের করপোরেট রিলেশনস ম্যানেজার লিসা লু অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দেশি-বিদেশি শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে এলিভেটর আমদানিতে অতিরিক্ত শুল্ক ও কর আরোপের কারণে পণ্যের দাম বৃদ্ধি ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই সঙ্গে এলিভেটর শিল্পের মান নিয়ন্ত্রণে স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা গঠনের দাবি জানিয়েছেন তারা।
মেলায় আগত দর্শনার্থীরা স্টল পরিদর্শন করে বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন। বিশেষ করে উচ্চ ভবনের জন্য নিরাপদ, জ্বালানি সাশ্রয়ী ও স্মার্ট লিফট প্রযুক্তি নিয়ে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
বেলিয়ার সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল বলেন, ‘অতিরিক্ত শুল্ক ও কর আরোপের কারণে দেশের এলিভেটর ও আবাসন খাত চাপে পড়েছে। ২০২২ সাল থেকে কয়েক দফায় শুল্ক ও কর বাড়ানো হয়েছে। ২০২৬ সালেও বাড়ানো হয়েছে। ফলে আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুল্ক বৃদ্ধির কারণে আধুনিক ও উন্নত প্রযুক্তির লিফটের দাম বেড়ে গেছে। ফলে আবাসন খাতের ডেভেলপার ও বাড়ি নির্মাতারা নির্মাণ ব্যয় নিয়ন্ত্রণে রাখতে কম দামের লিফট কিনতে বাধ্য হচ্ছেন। এতে লিফটের গুণগত মান ও মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।’
সিগমা লিফট কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মো. আমিনুল ইসলাম জানান, বর্তমান নগরায়ণ ও আধুনিক অবকাঠামো উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে দেশে আন্তর্জাতিক মানের লিফট প্রযুক্তির চাহিদা দ্রুত বাড়ছে। সেই চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে। ‘বেলিয়া সেকেন্ড ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো’র মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে নতুন ব্যবসায়িক সংযোগ, প্রযুক্তি বিনিময় এবং বিনিয়োগ সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়ে প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, ‘ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করতে সরকার কাজ করছে। দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া কমিয়ে সমন্বিত সিঙ্গেল উইন্ডো ব্যবস্থার মাধ্যমে মাত্র ১৪ দিনের মধ্যে ব্যবসায়িক লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’
এলিভেটর খাতের ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেলিয়ার প্রতিনিধিদের নিয়ে একটি কার্যকর বৈঠকের আয়োজন করা হবে। দেশীয় শিল্পের বিকাশে সরকার সহযোগিতা করবে। তবে সরকারি অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ডে দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি এলিভেটরের নিরাপত্তা ও পরিচালন দক্ষতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’