প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম (ভিজিট : ৬৩)

সংগৃহীত ছবি
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে বাংলাদেশ যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের নতুন কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কার্যক্রম শেষ হবে। এ সময়ের মধ্যেই প্রয়োজনীয় বিষয়গুলো চূড়ান্ত করা সম্ভব হবে।
আইএমএফের শর্তের কারণে সরকার নতুন কর্মসূচি থেকে পিছিয়ে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, শর্তের কারণে নয়, বরং আগের কর্মসূচির কিছু বিষয় বাস্তবায়নে সময়ের প্রয়োজন রয়েছে। আগের কর্মসূচিটি বিগত সরকারের সময়ে নেওয়া হয়েছিল। সেখানে এমন কিছু বিষয় রয়েছে, যা একটি নির্বাচিত সরকারের পক্ষে তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়।
তিনি বলেন, রাতারাতি এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে জনগণকে ভোগান্তিতে পড়তে হবে। একই সঙ্গে অর্থনীতি ও ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এগোতে হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনৈতিক কাঠামো পুনর্বিন্যাস করতে হবে। সরকারের পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
তিনি জানান, বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো উন্নয়ন সহযোগীরা সরকারের পরিকল্পনার সঙ্গে নিজেদের কার্যক্রম সমন্বয় করছে। সব অংশীদারকে একই অর্থনৈতিক কর্মপরিকল্পনার আওতায় আনা না গেলে কাঙ্ক্ষিত কার্যক্রম বাস্তবায়ন কঠিন হবে। আইএমএফও সরকারের এই পরিকল্পনার সঙ্গে সমন্বয় করছে বলে জানান তিনি।