সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩

শিরোনাম: গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগের পর পুলিশ সুপার বদলি   আমির হামজার প্রশ্ন উত্থাপন ঘিরে সংসদে হইচই, ক্ষোভ জামায়াতের এমপির   টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম   জিয়াউল আহসানকে ভবিষ্যতে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হবে না: আইনমন্ত্রী   রাবাদার জোড়া আঘাতের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ   বিনা খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণমন্ত্রী   সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের তিনটি পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী   
খেলাপি ঋণের ৮০ শতাংশ আদায় অনিশ্চিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম   (ভিজিট : ১২৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বাড়ছে। এর মধ্যে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ঋণ আদায়ের সম্ভাবনা নেই বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। অন্যদিকে খেলাপি ঋণের বিপরীতে সম্ভাব্য ক্ষতি সামাল দিতে প্রয়োজনীয় মূলধনের ঘাটতিও রয়েছে ব্যাংকগুলোতে। ফলে দেশের ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার গবেষণা প্রতিষ্ঠান নলেজ হাব ইনস্টিটিউট প্রকাশিত ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা : জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ ট্রাস্টি বোর্ডের সদস্যদের উপস্থিতিতে প্রতিবেদন উপস্থাপন করেন গবেষণা সহকারী নূর ইয়ানান জান্নাত।

প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি এর গুণগত মানও ক্রমেই খারাপ হচ্ছে। খেলাপি ঋণের বড় অংশ সন্দেহজনক ও মন্দ ঋণ হিসেবে শ্রেণিভুক্ত। ফলে এসব ঋণ আদায় করে ব্যাংকের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।

অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, ব্যাংক খাতে খেলাপি ঋণ অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ আদায় হচ্ছে না। এর চেয়েও উদ্বেগের বিষয় হলো, সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ব্যাংকগুলোর পর্যাপ্ত মূলধন নেই।

তিনি জানান, খেলাপি ঋণের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ আদায় অনিশ্চিত। তাঁর ব্যক্তিগত মূল্যায়নে, মোট খেলাপি ঋণের ১০ শতাংশেরও কম প্রকৃত ঋণঝুঁকির মধ্যে পড়ে। বাকি অংশের সঙ্গে পরিচালনগত দুর্বলতা, অনিয়ম ও অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে।

এসব অনিয়ম ও অপরাধ মোকাবিলায় শুধু ব্যাংকের উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে তিনি সরকার ও বাংলাদেশ ব্যাংকের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ব্যাংক খাতের আর্থিক দুর্বলতার অন্যতম প্রধান সূচক হয়ে উঠেছে মূলধন ঘাটতি। নলেজ হাবের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ। প্রয়োজনীয় প্রভিশনের তুলনায় ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা।

এ ছাড়া আদালতের স্থগিতাদেশের কারণে ৮৪৫টি মামলায় আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা। এতে এসব অর্থ আদায় এবং ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে না পারলে ব্যাংকের প্রকৃত আর্থিক দুরবস্থা যথাযথভাবে প্রকাশ পায় না। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে আমানতকারীদের অর্থের নিরাপত্তা ও ব্যাংক খাতের স্থিতিশীলতা উভয়ই ঝুঁকির মুখে পড়তে পারে।

খেলাপি ঋণের অন্যতম কারণ হিসেবে ইচ্ছাকৃত ঋণখেলাপির প্রবণতাকে চিহ্নিত করেছেন নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব।

তিনি বলেন, ঋণ পরিশোধের সক্ষমতা থাকা সত্ত্বেও যারা ইচ্ছাকৃতভাবে ঋণ ফেরত দিচ্ছেন না, তাঁদের কারণে শেষ পর্যন্ত ক্ষতির মুখে পড়ছেন সাধারণ আমানতকারী, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সৎ ব্যবসায়ী এবং ভালো অবস্থানে থাকা ব্যাংকগুলো।

তাঁর মতে, ঋণ বিতরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকা ব্যাংক কর্মকর্তাদেরও অনিয়মের দায় বহন করতে হচ্ছে। সৎ ব্যবসায়ীদের বেশি সুদে ঋণ নিতে হচ্ছে। এমনকি ভালো অবস্থানে থাকা ব্যাংকগুলোও সামগ্রিক সংকটের প্রভাব থেকে রেহাই পাচ্ছে না।

বাংলাদেশের অর্থনীতি ব্যাংকনির্ভর হওয়ায় ব্যাংক খাতের এই সংকট শেষ পর্যন্ত পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের হারে বড় ধরনের পার্থক্য রয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণের হার ৪৩ দশমিক ২ শতাংশ। বেসরকারি ব্যাংকে এ হার ৩১ দশমিক ৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ।

তবে সবচেয়ে বেশি খেলাপি ঋণের হার দেখা গেছে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোতে। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার ৫৮ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে।

একই সময়ে এসব ব্যাংকের আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ। বিপরীতে ঋণ-আমানত অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে। এসব পরিসংখ্যান ইসলামী ব্যাংকগুলোর ঋণমান, তারল্য ও আমানত ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

ব্যাংক খাতে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ বিতরণের প্রবৃদ্ধি কমছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের আগস্টে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে।

অর্থাৎ ব্যাংকে আমানত বাড়লেও সেই অর্থের বিপরীতে বেসরকারি খাতে ঋণ বিতরণ বাড়ছে না। এর প্রভাব বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণেও পড়তে পারে।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। এ সময় নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়। ৩০ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ।

এদিকে আগস্টে ব্যাংকগুলোর প্রয়োজনের অতিরিক্ত তারল্য সম্পদের পরিমাণ ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। তবে বিশ্লেষকদের মতে, সামগ্রিকভাবে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য থাকলেও দুর্বল ব্যাংকগুলোর পৃথক সংকট এ পরিসংখ্যানে স্পষ্ট হয় না।

ব্যাংক খাতের সংকটের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে রয়েছে ব্যাংকগুলো।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মার্চে মোট ঋণের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতে ঋণের অংশ ছিল ১৫ দশমিক ৮৭ শতাংশ। অথচ এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ২৫ দশমিক ৫০ শতাংশ।

নারী উদ্যোক্তাদের ঋণের অংশ মাত্র ৭ দশমিক ২৮ শতাংশ, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১৫ শতাংশ।

গ্রামীণ এলাকায় মোট আমানতের অংশ ১৬ দশমিক ২৫ শতাংশ হলেও ঋণের অংশ মাত্র ৭ দশমিক ৪২ শতাংশ। এ ছাড়া আগস্টে কৃষি ও গ্রামীণ ঋণের ৩৪ দশমিক ৪৮ শতাংশ বকেয়া ছিল।

ব্যাংক খাতের চলমান সংকট মোকাবিলায় নলেজ হাবের প্রতিবেদনে কয়েকটি সময়ভিত্তিক সুপারিশ তুলে ধরা হয়েছে।

এর মধ্যে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীনভাবে ঋণ পর্যালোচনা সম্পন্ন করার কথা বলা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মার্চের মধ্যে প্রতিটি ব্যাংকের জন্য পৃথকভাবে মূলধন পুনরুদ্ধার অথবা রেজুলেশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করা হয়েছে।

ব্যাংকগুলোর প্রকৃত নগদ আদায়, মূলধনের অবস্থা এবং গ্রাহকসেবার মান সম্পর্কে নিয়মিত তথ্য প্রকাশের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে ব্যাংক রেজুলেশন আইন ২০২৬, আমানত সুরক্ষা আইন ২০২৬ এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ঘোষিত ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামোর বিষয়টিও তুলে ধরা হয়েছে। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়ে এখনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে খেলাপি ঋণের উচ্চ হার, ঋণ আদায়ের অনিশ্চয়তা এবং মূলধন ঘাটতি দেশের ব্যাংক খাতকে গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শুধু আমানত বৃদ্ধি বা নতুন ঋণ বিতরণ যথেষ্ট নয়। বরং খেলাপি ঋণ আদায়, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনর্গঠনকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]