প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ এএম (ভিজিট : ১১৩)

সংগৃহীত ছবি
চলতি নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২০ হাজার ৮১১ কোটি টাকার বেশি। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১৬৯ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। এর মধ্যে ১২ থেকে ১৪ নভেম্বর, এই তিন দিনে রেমিট্যান্স এসেছে ১৬ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯০ লাখ ডলার।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩১৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে বছর ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১ শতাংশ।