প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম (ভিজিট : ১২৪)

সংগৃহীত ছবি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ আরও ১৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ, মামলার ৩৬ আসামির মধ্যে মোট ১৭ জনের সাজা হয়েছে। অপর ১৯ আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় তাদের খালাস দিয়েছেন আদালত।
১০ বছর করে সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল।
এর আগে রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। এ নিয়ে মামলায় মোট ৫৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের মালিক সাজিয়ে ইউসিবি থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করানো হয়। পরে ওই অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার এবং সেখানে সম্পত্তি কেনার অভিযোগ আনা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে।