
সংগৃহীত ছবি
২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।’
দেশে সন্ত্রাস ও হত্যার রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের আর কোনো জায়গা নেই।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি দেখতে চায় না। তারা এখন নিরাপত্তা চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির উপযুক্ত জবাব দিতে হবে।’
এ সময় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিস্তা পাড়ের জনপদ লালমনিরহাট সফরে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দিনের শুরুতে তিনি শহরের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ১৬ বছর ধরে যারা জনগণের দিকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারাই আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি আরও বলেন, ‘যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। প্রভুদের খুশি করতেই তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং মানুষ হত্যা করছে।’
পরাজিত শক্তির আস্ফালনে বিভ্রান্ত না হয়ে সরকারের পাশে থাকার জন্য তিস্তা পাড়ের মানুষসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ সময় ১৬ বছর ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগ কেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি, সেই প্রশ্নও তোলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘এই জনপদেও উন্নয়নের স্রোত বইবে। তিস্তা তার আপন গতিতে বয়ে চলেছে। সেই স্রোতের সঙ্গে এবার উন্নয়নের গতিও মেলাতে চান তিস্তা পাড়ের মানুষ। লালমনিরহাট থেকে আমি দেশবাসীকে ঐক্য ও সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’